আইনমন্ত্রী অ্যাডভোকেট আনিসুল হক বলেছেন, উনারা (বিএনপির নেতারা) আইন বুঝুক আর না বুঝুক, যেটা আমরা করি এটা তাদের কাছে কালো আইন মনে হয়। সম্প্রতি বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বিভিন্ন স্বায়ত্তশাসিত সংস্থার উদ্বৃত্ত অর্থ সরকারি কোষাগারে জমা রাখার জন্য সংসদে যে আইন পাশ হয়েছে তাকে কালো আইন বলে মন্তব্য করায় বিএনপির নেতাদের উদ্দেশে আইনমন্ত্রী এসব কথা বলেছেন। মন্ত্রী বিএনপির নেতাদের উদ্দেশে বলেছেন, ‘আপনারা আইনটি পড়ুন, তারপর মন্তব্য করুন।’ গতকাল শনিবার আখাউড়া রেল স্টেশন চত্বরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
এ সময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পরিষদ চেয়ারম্যান মো. আবুল কাশেম ভুঁইয়া, কসবা উপজেলা পরিষদ চেয়ারম্যান রাশেদুল কাওসার ভুঁইয়া জীবন, আখাউড়া উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক অধ্যক্ষ মো. জয়নাল আবেদীন, আখাউড়া পৌরসভার মেয়র মো. তাকজিল খলিফা কাজল, জেলা পরিষদ সদস্য আতাউর রহমান নাজিম, মহিলা ভাইস চেয়ারম্যান নাসরিন সফিক আলেয়া প্রমুখ।
এছাড়া কসবা উপজেলা আওয়ামী লীগের বর্ধিত সভায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে প্রধান অতিথির বক্তব্যে আনিসুল হক বলেন, বিএনপি যিনি প্রতিষ্ঠা করেছিলেন, তিনিই ক্ষমতায় গেছেন হত্যাযজ্ঞ ও বন্দুকের নলের মাধ্যমে। তিনি বলেন, বর্তমান সরকার গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার এবং জনগণের ভোটে নির্বাচিত সরকার। বর্তমান সরকার জনগণের পাশে আছে এবং জনগণের পাশে থাকবে।
এদিকে কসবা উপজেলার বায়েক ইউনিয়নের শেরে বাংলা উচ্চ বিদ্যালয়ে নলকূপ বসানোর জন্য খনন করা কূপ থেকে পানির সঙ্গে বালু ও গ্যাস বের হওয়া ৬০ ঘণ্টা পর বন্ধ হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করে আইনমন্ত্রী আনিসুল হক সাংবাদিকদের বলেন, গ্যাসের বিষয়টি জ্বালানি ও খনিজ সম্পদ প্রতিমন্ত্রীকে অবহিত করা হয়েছে। মাটি পরীক্ষা করে যথাযথ ব্যবস্থা গ্রহণ করা হবে। তিনি বলেন, নলকূপ দিয়ে গ্যাস বের হওয়ায় স্কুলের যে ক্ষয়-ক্ষতি হয়েছে তা পেট্রোবাংলার পক্ষ থেকে ক্ষতিপূরণ দেওয়া হবে।
