শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ হয়েছে :নাসিম

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৩৯

আওয়ামী লীগ প্রেসিডিয়াম সদস্য, কেন্দ্রীয় ১৪ দলের মুখপাত্র ও খাদ্য মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি মোহাম্মদ নাসিম এমপি বলেছেন, বঙ্গবন্ধু হত্যা ও জেল হত্যায় জড়িতদের বিচার করে প্রধানমন্ত্রী শেখ হাসিনা জাতিকে কলঙ্কমুক্ত করেছেন। তিনি দেশ থেকে জঙ্গি দমন করেছেন। শেখ হাসিনার নেতৃত্বে আলোকিত বাংলাদেশ হয়েছে। তার সরকারের ধারাবাহিক উন্নয়ন এবং সাফল্যের কারণে দেশ দ্রুত এগিয়ে চলছে। দেশের এমন কোনো এলাকা নেই যেখানে কোনো উন্নয়ন হয়নি। গ্রাম থেকে রাজধানী সেই উন্নয়নের ছোঁয়া চোখে পড়ার মতো।

শুক্রবার দুপুরে পাবনা সরকারি এডওয়ার্ড কলেজের আব্দুস সাত্তার মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে তিনি তৃণমূল প্রতিনিধিদের উদ্দেশে এসব কথা বলেন। পাবনা  জেলা আওয়ামী লীগ  এ তৃণমূল প্রতিনিধি সভার আয়োজন করে। মোহাম্মদ নাসিম বলেন, বিএনপির এখন মাজা ভেঙে গেছে। তারা আর উঠে দাঁড়াতে পারবে না। তাদের ব্যর্থতায় ঢাকা সিটি নির্বাচনে পরাজিত হয়ে এখন তারা নানাভাবে অপপ্রচার ও সমালোচনা করছে। তিনি বলেন, দেশে এত উন্নয়ন কাজ করার পরও দুই সিটি নির্বাচনে বেশির ভাগ ভোটার কেন ভোট দেওয়ার উত্সাহ হারিয়ে ফেললেন, অঙ্ক কষে উত্তর বের করতে হবে। শুধু মুজিব কোট লাগিয়ে জয়বাংলা শ্লোগান দিয়ে ভোটারদের উদ্বুদ্ধ করা যাবে না। এ রকম চললে আগামীতে ভোট পাওয়া যাবে না। এখান থেকে শিক্ষা নিতে হবে। তাই বলতে চাই, সিটি নির্বাচনে যা হয়েছে তাতে আনন্দিত হওয়া যাবে না। ভোটরবান্ধব হতে হবে। তাহলেই আগামীতে নির্বাচনে আওয়ামী লীগ আবারও জয়লাভ করবে।

প্রধান বক্তার বক্তব্য দেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্যমন্ত্রী ড. হাসান মাহমুদ। তিনি বলেন, আওয়ামী লীগ যখন বিপদে পড়েছে তখন অনেক নেতা সুর পালটিয়েছেন। দলের মধ্যে অনেক অনুপ্রবেশকারী ঢুকে ঘাপটি মেরে আছে। এদের চিহ্নিত করে বের করে দিন। যারা সুবিধা নেওয়ার জন্য দলে ঢুকেছে তারা আর কোনো পদ পাবে না। টাকাওয়ালা দেখে দলের নেতা বানানো যাবে না।