দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪২

প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতালিতে চারদিনের সরকারি সফর শেষে দেশে ফিরেছেন। তিনি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে  কোঁতর আমন্ত্রণে সেদেশ সফর করেন। প্রধানমন্ত্রী এবং তার সফরসঙ্গীদের নিয়ে এমিরেটস এয়ারলাইন্সের একটি ফ্লাইট গতকাল শনিবার সকাল ৮টায় হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে।

প্রধানমন্ত্রী গত ৪ ফেব্রুয়ারি ঢাকা থেকে রোম সফরে যান। সফরকালে প্রধানমন্ত্রী ৫ ফেব্রুয়ারি ইতালির প্রধানমন্ত্রী জিওসিপে কোঁতর সঙ্গে তার সরকারি বাসভবন পালাজ্জো চিগিতে দ্বিপাক্ষিক বৈঠক করেন এবং একটি আনুষ্ঠানিক মধ্যাহ্ন ভোজে অংশগ্রহণ করেন। দুই নেতা প্রায় এক ঘণ্টার বৈঠকে দ্বিপাক্ষিক স্বার্থসংশ্লিষ্ট সব বিষয়ে আলোচনা করেন এবং ইতালি ও বাংলাদেশের মধ্যে চলমান অর্থনৈতিক সহযোগিতার জন্য সন্তোষ প্রকাশ করেন। দুই প্রধানমন্ত্রী পারস্পরিক স্বার্থে উভয় দেশের মধ্যে বিভিন্ন ক্ষেত্রে সহযোগিতা বৃদ্ধির ওপরও গুরুত্বারোপ করেন। আলোচনায় ইতালির প্রধানমন্ত্রী বর্তমানে জাতিসংঘের বিভিন্ন সংস্থার মাধ্যমে রোহিঙ্গাদের প্রদেয় ইতালির সাহায্যের সঙ্গে আরো ১০ লাখ ইউরো প্রদানের প্রতিশ্রুতি ব্যক্ত করেন। সফরে শেখ হাসিনা রোমের ভায়া ডেল অ্যান্টারাইড এলাকার বাংলাদেশ দূতাবাসের চ্যান্সেরি ভবন উদ্বোধন করেন।

এদিকে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন, গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী শ ম রেজাউল করিম, বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী, প্রধানমন্ত্রীর মুখ্য সচিব ড. আহমদ কায়কাউস, পিএমও সচিব মো. তোফাজ্জেল হোসেন মিয়া এবং প্রেস সচিব ইহসানুল করিমসহ আরো অনেক কর্মকর্তা গতকাল বিমানবন্দরে উপস্থিত হয়ে প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।