চাকরি গেল দুই কর্মকর্তার

আপডেট : ০৮ ফেব্রুয়ারি ২০২০, ২২:৪৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিশংসনের বিচারে সাক্ষ্য দেওয়ায় চাকরি গেছে দুই কর্মকর্তার। শুক্রবার তাদের চাকরিচ্যুত করা হয়। তারা হলেন—লেফটেন্যান্ট কর্নেল আলেক্সান্ডার ভিন্দম্যান ও রাষ্ট্রদূত গর্ডন সোন্ডল্যান্ড। বিচারে তাদের সাক্ষ্য গুরুত্বপূর্ণ এবং প্রেসিডেন্ট ট্রাম্পের জন্য ক্ষতিকর ছিল। খবর রয়টার্সের

দুই দিন আগে বুধবার সিনেটে অভিশংসনের বিচার থেকে অব্যাহতি পান প্রেসিডেন্ট ট্রাম্প। এরপরই তিনি দুই কর্মকর্তাকে পদ থেকে সরিয়ে দিলেন। ইউরোপীয় ইউনিয়নে মার্কিন রাষ্ট্রদূত গর্ডন সোন্ডল্যান্ড জানিয়েছেন, তাকে তাত্ক্ষণিকভাবে প্রেসিডেন্ট ডেকে পাঠিয়েছেন বলে জানানো হয়েছে। তাকে তার পদ থেকে সরিয়ে দেওয়া হয়েছে। এর আগে হোয়াইট হাউজে ইউক্রেন বিষয়ক বিশেষজ্ঞ আলেক্সান্ডার ভিন্দম্যান জানান, তাকে সরিয়ে দেওয়া হয়েছে। আইনজীবী ডেভিড প্রেসম্যান বলেছেন, সত্য কথা বলার জন্য ভিন্দম্যানকে চাকরিচ্যুত করা হয়েছে।

গত বছর প্রতিনিধি পরিষদে অভিশংসনের বিচার চলাকালে এদের দুই জনের বক্তব্য খুবই আলোচনার জন্ম দিয়েছিল। হোয়াইট হাউজের জাতীয় নিরাপত্তা পরিষদে আইনজীবী হিসেবে কাজ করা ভিন্দম্যানের যমজ ভাই ইয়েবজেনিকেও সরিয়ে দেওয়া হয়েছে বলে মাইকেল ভলকভ নামের হোয়াইট হাউজের এক কর্মকর্তা জানিয়েছেন। বুধবার মুক্তি পাওয়ার পর প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, আমি এখনো ডেমোক্র্যাট ও অভিশংসন তদন্তে জড়িত কর্মকর্তাদের ব্যাপারে হতাশ।