চট্টগ্রামে ইউসিবিএল ব্যাংকের তালা ভেঙে চুরির চেষ্টা

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:২৮

নগরীর ধনিয়ালাপাড়া ইউসিবিএল ব্যাংকের কদমতলী শাখায় চুরির ঘটনা ঘটেছে। দুর্বৃত্তরা ব্যাংকের ভল্ট ভাঙতে না পেরে যাবার সময় সিসিটিভি খুলে নিয়ে যায়। তবে তার ব্যাংকের টেবিলের ড্রয়ার ভাঙচুর করে। গতকাল শনিবার এই ঘটনা ঘটে।

ব্যাংকের শাখাটি বায়তুশ শরফসংলগ্ন জিলানী মার্কেটে অবস্থিত। ৬ তলাবিশিষ্ট ভবনের নিচ তলায় কয়েকটি দোকান রয়েছে। দ্বিতীয় ও তৃতীয় তলা জুড়ে ব্যাংক। ৪ তলায় মেটলাইফ ইনসিওরেন্স, ৫ম তলায় একটি বেসরকারি উন্নয়ন সংস্থার কার্যালয় তৈরির জন্য ভাড়া নেওয়া হয়েছে। তবে এখনো কাজ শুরু করেনি। ৬ষ্ঠ তলায় ব্যাচেলর লোকজন ভাড়ায় থাকেন।

ডবলমুরিং থানার ওসি সদীপ কুমার দাশ ইত্তেফাককে বলেন, শনিবার দুপুর সাড়ে ১২টায় ৬ তলায় ভাড়াটিয়ারা হেলপ লাইন ৯৯৯-এ ফোন করে ঘটনাটি জানায়। পরে দ্রুত পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। তখন দেখতে পায় ব্যাংকের ফটকের সামনে এক নিরাপত্তাকর্মী পড়ে রয়েছেন। তিনি ঠিকমতো কথা বলতে পারছেন না। তাকে চিকিত্সার জন্য চট্টগ্রাম মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়। তিনি আরো বলেন, দেখা গেছে ব্যাংকের যে তিনটি তালা লাগানো ছিল সেগুলো কেটে ফেলা হয়েছে। আর একটি নতুন তালা দিয়ে দরজা বন্ধ করে দেওয়া হয়েছে। তিনি বলেন, বিকালে ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তারা আসার পর তাদের সঙ্গে ভেতরে প্রবেশ করি। দেখা যায় , দুর্বৃৃত্তরা ব্যাংকের ভল্ট খোলার জন্য চেষ্টা করেও তা পারেনি।