রাজধানীর যাত্রাবাড়ীতে এক কিশোরীকে গণধর্ষণের অভিযোগ উঠেছে। এ ঘটনায় যাত্রাবাড়ী থানায় একটি মামলা হয়েছে। মামলায় এক জনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে প্রাথমিকভাবে তার পরিচয় পাওয়া যায়নি। গতকাল শনিবার সন্ধ্যায় ঐ কিশোরীকে ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টারে (ওসিসি) ভর্তি করা হয়েছে। ঢামেক ক্যাম্প পুলিশের ইনচার্জ ইন্সপেক্টর বাচ্চু মিয়া বিষয়টি নিশ্চিত করেন।
যাত্রাবাড়ী থানার অফিসার ইনচার্জ (ওসি) মাজহারুল ইসলাম জানান, ঐ কিশোরী যাত্রাবাড়ী এলাকায় থাকেন এবং স্থানীয় একটি কারখানায় শ্রমিক হিসেবে কাজ করেন। শুক্রবার সন্ধ্যায় যাত্রাবাড়ী সামাদনগর এলাকায় একটি পরিত্যক্ত ভবনে তাকে চার জন মিলে গণধর্ষণ করে বলে পুলিশের কাছে অভিযোগ করেন ঐ কিশোরী। পরে তার অভিযোগের ভিত্তিতে একটি মামলা করা হয়। এ মামলায় এক জনকে গ্রেফতার করা হয়েছে। সন্ধ্যায় পরীক্ষা-নিরীক্ষার জন্য কিশোরীকে হাসপাতালে পাঠানো হয়েছে।
