গাজীপুরে শ্রমিক মারধরের ঘটনায় বিক্ষোভ কর্মকর্তা বরখাস্ত

আপডেট : ১৩ নভেম্বর ২০১৮, ০০:৩৩

গার্মেন্টসের পরিত্যক্ত কাপড়ের (ঝুট) সঙ্গে ভালো ফেব্রিক্স নিয়ে যাওয়ার ঘটনায় তিন শ্রমিককে  মারধরের ঘটনাকে কেন্দ্র করে গাজীপুরে শ্রমিক বিক্ষোভ ও অসন্তোষ থামাতে উত্পাদন কর্মকর্তাকে বরখাস্ত এবং কারখানা তিনদিনের ছুটি ঘোষণা করেছে এএমসি নিট কম্পোজিট কর্তৃপক্ষ।

গাজীপুর শিল্পাঞ্চল পুলিশের ইন্সপেক্টর হাবিব ইস্কান্দার জানান, গত রবিবার কারখানায় কাজ করার সময় কয়েকজন শ্রমিক ঝুটের সাথে কিছু ভালো ফেব্রিক্সও নিয়ে যায়। এটি দেখতে পেয়ে কারখানার কয়েকজন কর্মকর্তা মিলে তিন শ্রমিককে মারধর করেন। সোমবার সকালে ঘটনা জানাজানি হলে শ্রমিকরা বিক্ষুব্ধ হয়ে উঠে। এক পর্যায়ে তারা শ্রমিক নির্যাতনের প্রতিবাদ এবং উত্পাদন কর্মকর্তার বরখাস্তের দাবিতে কর্মবিরতি ও বিক্ষোভ শুরু করে। খবর পেয়ে শিল্প পুলিশ ওই কারখানায় যায়। দুপুরে শ্রমিক বিক্ষোভ বেড়ে গেলে কারখানা কর্তৃপক্ষ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে উত্পাদন কর্মকর্তাকে বরখাস্ত এবং কারখানা তিনদিনের জন্য ছুটি ঘোষণা করে।

এ ব্যাপারে জানতে কারখানার প্রশাসনিক কর্মকর্তাদের সঙ্গে মোবাইল ফোনে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও কেউ ফোন রিসিভ করেননি।