মার্কিন প্রেসিডেন্ট নির্বাচন-২০২০

ডেমোক্র্যাটদের বিতর্কেও কেন্দ্রে বুতিগিয়েগ ও বার্নি স্যান্ডার্স

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৪

যুক্তরাষ্ট্রে প্রেসিডেন্ট নির্বাচনে ডেমোক্র্যাট দলের বিতর্কের কেন্দ্রে বার্নি স্যান্ডার্স ও পিট বুতিগিয়েগ। আইওয়া ককাসে সামান্য ব্যবধানে জয় পেয়েছেন বুতিগিয়েগ। স্থানীয় সময় শুক্রবার অনুষ্ঠিত বিতর্ক অনুষ্ঠানে তাদের বিরোধীরা বলছেন, রিপাবলিকান দলের প্রেসিডেন্ট প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে হারাতে যে যোগ্যতা ও অভিজ্ঞতা দরকার তা তাদের দু্ই জনের নেই। তারা বলেছেন, স্যান্ডার্সের গণতান্ত্রিক ও সমাজতান্ত্রিক আদর্শ এবং বুতিগিয়েগের অনভিজ্ঞতা, আফ্রিকান-আমেরিকান ও ল্যাটিনোদের সঙ্গে সুসম্পর্ক না থাকায় ট্রাম্পকে হারানো সম্ভব হবে না। তিন দিন পরই নিউ হ্যাম্পশায়ারের প্রাইমারি নির্বাচন। সেখানেও বুতিগিয়েগ জয় পেতে পারেন বলে আভাস পাওয়া যাচ্ছে। জো বাইডেনকে গুরুত্বপূর্ণ মনে করা হলেও আইওয়াতে হতাশাজনক ফল করেছেন তিনি। এছাড়া এলিজাবেথ ওয়ারেনও নারী হিসেবে প্রার্থী তালিকায় গুরুত্বপূর্ন স্থান দখল করে আছেন। -রয়টার্স