বিশ্বপ্রবাহ ডেস্ক
ঝরনার মতো নেমে আসছে আগুন। কোনো রকম রঙ চড়িয়ে, এডিট করে এই ঝরনা বানানো হয়নি। এটি একটি ‘বিশুদ্ধ’ প্রাকৃতিক খেলা। প্রতি বছর মাত্র কয়েক দিনের জন্যই এই বিরল দৃশ্য দেখা যায়। আর নিজেদের চোখে এই অপূর্বদৃশ্য দেখতে হাজার হাজার পর্যটক প্রতি বছর জড়ো হন যোসেমাইট ন্যাশনাল পার্কে। আমেরিকার ক্যালিফোর্নিয়ায় যোসেমাইট ন্যাশনাল পার্কের মূল আকর্ষণই হলো ‘হর্স টেল’ বা ঘোড়ার লেজের মতো এই ঝরনা। গোটা পৃথিবীতে এমন ছোটোখাটো ঝরনা কয়েক হাজার রয়েছে। কিন্তু এটির বিশেষত্ব হলো, দিনের একটি বিশেষ সময় এর রূপ বদলায়। বছরের কয়েকটি নির্দিষ্ট সময়ে হর্স টেল ঝরনা যেন হয়ে যায় আগুনের স্রোত। দূর থেকে দেখলে মনে হবে আগুন নেমে আসছে পাহাড়ের গা বেয়ে বা গরম লাভা, আলোর আভা ছড়িয়ে গড়িয়ে পড়ছে। এই দৃশ্য দেখে অভিভূত হয় অগণিত মানুষ। তবে সত্যিই কি আগুন নেমে আসে ঝরনা দিয়ে? বিষয়টি আসলে তেমন নয়। সূর্যাস্তের সময় একটি নির্দিষ্ট কোনে আলো ঝরনার পানির ওপর পড়লে এর রঙ বদলে যায়। তখন একে আগুন ঝরনা বলে মনে হয়।
স্থানীয় সংবাদমাধ্যম সূত্রে জানা গিয়েছে, প্রতি বছর ফেব্রুয়ারিতে মাত্র দিন পনেরো এই দৃশ্য দেখা যায়, তাও আবার প্রতিদিন মাত্র কয়েক মিনিটের জন্য। তেমনই একটি দিনে এই নৈসর্গিক দৃশ্য ক্যামেরাবন্দি করে টুইটারে আপলোড করে দেন এক ইউজার। ভিডিওটি ৪৮ ঘণ্টার মধ্যেই ৪০ লাখ বার দেখা হয়ে যায়। হর্স টেল ঝরনার এমন ভিডিও ইউটিউবেও পাওয়া যায়। সেখানে একটি ভিডিওতে দেখানো হয়েছে, সকাল থেকে এর রূপ কেমন থাকে। আর দিনের বিশেষ সময়ে গিয়ে কেমন ‘আগুন ঝরনা’ হয়ে যায়। —সিএনএন
