ছবি ও গল্প

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২০:৪১

৮ ফেব্রুয়ারি সপ্তমবারের মতো অনুষ্ঠিত হয়ে গেল ‘বাংলা খেয়াল উত্সব-২০২০’। এদিন বিকেল ৫টায় শুরু হয়ে উত্সবটি শেষ হয়েছে ৯ ফেব্রুয়ারি সকাল ৯টায়। এ আয়োজনের পুরোধা ব্যক্তিত্ব সংগীতজ্ঞ আজাদ রহমানের তত্ত্বাবধানে বরেণ্য উত্সবের উদ্বোধনী পর্বে উপস্থিত ছিলেন চ্যানেল আইয়ের পরিচালক ও বার্তাপ্রধান শাইখ সিরাজ, ড. লীনা তাপসী খান, ড. অসিত রায়, হারুন অর রশিদ, সেলিনা আজাদ প্রমুখ। সংগীতের নবদিগন্ত বাংলা সংগীতের উত্কর্ষ বাংলা খেয়ালকে সবার কাছে, সার্বজনীনভাবে পৌঁছে দেওয়ার একটি প্রয়াস এটি। এ প্রয়াস সংগীতপিপাসু মানুষের কাছে যথেষ্ট গ্রহণযোগ্যতা পাচ্ছে। উত্সবে সংগীত পরিবেশন করেছেন দুই শতাধিক বিভিন্ন বয়সের শিল্পী। উত্সবটি সরাসরি সম্প্রচার করেছে চ্যানেল আই। প্রযোজনা করেছেন অনন্যা রুমা।

০০০০

অভিনেত্রী রাফিয়া রশিদ মিথিলা ও কলকাতার নির্মাতা সৃজিত মুখার্জী। বিয়ের পর এই দুই তারকা ব্যস্ত হয়ে পড়েছেন নিজ নিজ কাজে। এবার এই দু’জন এক হয়েছেন একটি টিভি অনুষ্ঠানে। আর এবারই প্রথম স্ত্রী মিথিলার উপস্থাপনায় অতিথি হয়েছেন ওপার বাংলার জনপ্রিয় এই নির্মাতা। অনুষ্ঠানের নাম ‘আমার আমি’। তবে বিশেষ এই পর্বের নাম রাখা হয়েছে ‘আমার আমি-আমার স্বামী’। এটি প্রচার হবে ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে বাংলাভিশনে।