ইত্তেফাক রিপোর্ট
ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) গতকাল রবিবার সপ্তাহের প্রথম কার্যদিবসে দরপতনের মধ্য দিয়ে লেনদেন শেষ হয়েছে। গতকাল ডিএসই প্রধান মূল্যসূচক ডিএসইএক্স কমেছে ৬৪ পয়েন্ট। অপর বাজার চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জের (সিএসই) প্রধান সূচক কমেছে ১৪০ পয়েন্ট। গতকাল দুই বাজারেই লেনদেনের পরিমাণও কমেছে। পুঁজিবাজারে রাষ্ট্রায়ত্ত চার ব্যাংক তালিকাভুক্ত করতে গতকাল রবিবার অর্থমন্ত্রীর নেতৃত্বে বৈঠকের দিনও এই পতন হলো। অর্থমন্ত্রণালয়ে অনুষ্ঠিত ঐ বৈঠকের পর অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল বলেছেন, ইতিমধ্যে বাজারে তালিকাভুক্ত রূপালী ব্যাংকের শেয়ার ১০ শতাংশ থেকে বাড়িয়ে ২৫ শতাংশ করা হবে। পাশাপাশি নতুনভাবে বাংলাদেশ ডেভেলপমেন্ট ব্যাংক লিমিটেডকে (বিডিবিএল) নিয়ে আসা হবে। এরপর অগ্রণী, জনতা এবং সর্বশেষ সোনালী ব্যাংককে নিয়ে আসা হবে। এ বিষয়ে একটি কমিটি করা হয়েছে। কমিটিতে পাঁচটি ব্যাংকের প্রতিনিধি থাকবে এবং সমন্বয় করবে আইসিবি। আগামী সেপ্টেম্বরের মধ্যে তালিকাভুক্তি হওয়ার আশা প্রকাশ করে তিনি বলেন, সরকারি মালিকানাধীন চার ব্যাংকের শেয়ার একযোগে পুঁজিবাজারে ছাড়া হলে পরিস্থিতির উন্নতি হতে পারে। তবে এমন ইতিবাচক খবরেও বড়ো দরপতনের কবল থেকে রক্ষা পায়নি বিনিয়োগকারীরা। গতকাল ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) মোট ৩৫৬টি কোম্পানির ১৩ কোটি ৩০ লাখ ৪ হাজার ২৭টি শেয়ার ও মিউচ্যুয়াল ফান্ডের লেনদেন হয়েছে। ডিএসইতে মোট লেনদেনের পরিমাণ ৩৬১ কোটি ৯৭ লাখ ৬৬ হাজার টাকা। এর আগের কার্যদিবস বৃহস্পতিবার লেনদেন হয়েছিল ৩৭৬ কোটি ৫৫ লাখ টাকা।
বাজার বিশ্লেষণে দেখা যায়, গতকাল ডিএসই ব্রড ইনডেক্স আগের কার্যদিবসের চেয়ে ৬৪ দশমিক ২০ পয়েন্ট কমে ৪ হাজার ৩৮৮ দশমিক ৭৬ পয়েন্ট, ডিএস-৩০ মূল্যসূচক ২১ দশমিক ৪১ পয়েন্ট কমে ১ হাজার ৪৯২ দশমিক ৪৬ পয়েন্ট এবং ডিএসইএস শরিয়াহসূচক ১৫ পয়েন্ট কমে ১ হাজার ১২ দশমিক ৪২ পয়েন্টে দাঁড়িয়েছে। লেনদেনকৃত কোম্পানির মধ্যে দাম বেড়েছে ৪৩টির, কমেছে ২৭১টির এবং অপরিবর্তিত রয়েছে ৪২টি কোম্পানির শেয়ার।
