লালনের একতারার সুর বেজে উঠেছে বাংলার প্রাচীন রাজধানী সোনারগাঁওয়ে। বসেছে লোক কারুশিল্প মেলা ও লোকজ উত্সব। বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে এ মেলাকে শতবর্ষ বঙ্গবন্ধু লোকজ উত্সব হিসেবে পালন করছে আয়োজক প্রতিষ্ঠান বাংলাদেশ লোক ও কারুশিল্প ফাউন্ডেশন। আবহমান বাংলার আর্থসামাজিক ও সাংস্কৃতিক কর্মকাণ্ডের মিলনক্ষেত্র হিসেবে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে এখন উত্সব আমেজে মুখর। কৃষিজীবী সাধারণ মানুষের জীবনযাত্রা ও সংস্কৃতি থেকে উত্সরিত লোক ও কারুশিল্পের ঐতিহ্যকে তুলে ধরার লক্ষ্যে গত ১৪ জানুয়ারি থেকে শুরু হয়েছে মাসব্যাপী এ উত্সব। হাজার বছরের লালিত ঐতিহ্য, খেলাধুলা গ্রামীণ মানুষের আনন্দ-বিনোদনের রসদ জোগাচ্ছে। শহরবাসীর ঢল নামছে সোনারগাঁওয়ের মেলায়।
বাংলার মাঠে ঘাটে প্রান্তরে নদী বনান্তরে ঘুরে বেড়ানো লোক শিল্পীদের জারি সারি বাউল, পালাগান, ভাওয়াইয়া, ভাটিয়ালি, কবিগান, হাছনরাজার গান, লালনগীতি, বিয়ের গান, আলকাপ গান, বিচ্ছেদ গান, শরিয়তি, মারফতি, গম্ভীরা, লোকজ গীতিনাট্য, ক্ষুদ্র নৃ-গোষ্ঠী সাংস্কৃতিক অনুষ্ঠান মেলায় আগত দর্শকদের মাতোয়ারা করে তুলছে।
মেলার বিশেষ আকর্ষণ হলো দেশের প্রথিতযশা কারুশিল্পীদের শিল্পকর্ম নিয়ে ‘কর্মময় কারুশিল্পী’ প্রদর্শনী। এতে ৩২টি স্টলে দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে ৬৪ কারুশিল্পী দেশের হারানো ঐতিহ্যকে আবার নতুন করে আবিষ্কার করেছেন। কারুশিল্পীরা তৈরি করছেন নওগাঁ ও মাগুরার শোলাশিল্প, রাজশাহীর শখের হাঁড়ি, চট্টগ্রামের তালপাতার হাতপাখা, রংপুরের শতরঞ্জি, সোনারগাঁওয়ের হাতি ঘোড়া পুতুল ও কাঠের কারুশিল্প, নকশিকাঁথা, নকশি হাতপাখা, মুন্সিগঞ্জের শীতলপাটি, কুমিল্লার তামা-কাঁসা-পিতলের কারুশিল্প, রাঙামাটির ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর কারুপণ্য, কিশোরগঞ্জের টেরাকোটা শিল্প, সোনারগাঁওয়ের পাটের কারুশিল্প, মুন্সিগঞ্জের পটচিত্র, ঢাকার কাগজের হস্তশিল্প ইত্যাদি। শিল্পীরা নিজেই তাঁদের তৈরি বাহারি কারুপণ্য প্রদর্শন ও বিক্রি করছেন। প্রদর্শনীর গ্যালারিগুলোতে থরে থরে সাজানো কারুপণ্যের পসরা দেখে কেউ কেউ কিনে নিচ্ছেন শখের হাঁড়ি, শোলা দিয়ে বানানো জিনিস, কাঠের সামগ্রী, শতরঞ্জি, নকশিকাঁথা...।
আবহমান বাংলার গ্রাম্য শালিশ, কনে দেখা, গায়ে হলুদ, বরযাত্রা, জামাইকে পিঠা খাওয়ানো ইত্যাদিও প্রদর্শিত হচ্ছে কারুশিল্প মেলার একপাশে। আর নাগরদোলা, বিমান চড়কি, সাপ খেলা তো রয়েছেই। পরিবেশিত হচ্ছে বাঙালির শৈশবের সম্পদ গ্রামীণ খেলাধুলা যেমন কানামাছি, বৌচি, এক্কাদোক্কা, লাঠিখেলা, গোল্লাছুট, দাঁড়িয়াবান্দা, হাডুডু, ওপেনটি বাইস্কোপ, মোরগ লড়াই, আঁকুনি টুকুনি, ইছোন বিছোন প্রভৃতিও।
