ভালুকা (ময়মনসিংহ) সংবাদদাতা
ময়মনসিংহের ভালুকায় কাদিগড় জাতীয় উদ্যানের ভেতর দিয়ে ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর আওতায় উচ্চ ক্ষমতা সম্পন্ন সঞ্চালন লাইন স্থাপন কাজ চলছে। স্থানীয় বন কর্তৃপক্ষ একাধিকবার নিষেধ করলেও পল্লী বিদ্যুত্ কর্তৃপক্ষ নির্মাণ কাজ অব্যাহত রেখেছেন। এতে বন ও বন্যপ্রাণীসহ পরিবেশের ব্যাপক ক্ষতির সম্ভাবনার আশঙ্কা করা হচ্ছে।
কাদিগড় বিট কর্মকর্তা আশরাফুল ইসলাম জানান, পালগাঁও মৌজার কাদিগড় বিটে সাড়ে ৮০০ একর জমি নিয়ে কাদিগড় জাতীয় উদ্যান গড়ে উঠেছে। যেখানে শাল, গজারি বন, বানর, মেছোবাঘসহ বিভিন্ন বন্যপ্রাণী রয়েছে। এ ছাড়াও জাতীয় উদ্যানে দূর-দূরান্তের মানুষ প্রায়ই আনন্দ ভ্রমণ ও বনভোজন করতে আসছে। বন এলাকার ভেতর দিয়ে উচ্চ ক্ষমতা সম্পন্ন বিদ্যুত্ সঞ্চালন লাইন নেওয়ার কারণে যেমন মূল্যবান শাল, গজারি গাছ নষ্ট হবে তেমনি বিদ্যুতায়িত হয়ে বানরসহ বিভিন্ন জাতের বন্যপ্রাণী মরে বন ও পরিবেশের ব্যাপক ক্ষতি হবে। তিনি আরো জানান, বন এলকার ভেতর দিয়ে রাস্তা, বিদ্যুত্ লাইনসহ যে কোনো উন্নয়ন মূলক প্রকল্প হাতে নিলে পরিবেশ বন ও জলবায়ু ক্ষতিরোধকল্পে পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অনুমতি গ্রহণ করতে হবে। এ সংক্রান্ত ভালুকা রেঞ্জ কর্মকর্তার কার্যালয় থেকে ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর জেনারেল ম্যানেজার বরাবরে পত্র দেওয়া হয়েছে, তারপরও তারা কাজ বন্ধ করেনি। ময়মনসিংহ পল্লী বিদ্যুত্ সমিতি-২ এর অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রজেক্ট ডিভিশন আরিফ হোসাইন জানান, বন এলাকায় বিদ্যুত্ সঞ্চালন লাইন স্থাপনের জন্য তারা কোনো অনুমতি নেননি। তবে বন বিভাগ বাধা দিলে এদিক দিয়েই বিকল্প পদ্ধতিতে লাইন নেওয়া হবে, যেহেতু খুঁটি স্থাপন হয়ে গেছে।
