আগৈলঝাড়া (বরিশাল) প্রতিনিধি
বরিশালের আগৈলঝাড়া থেকে নিষিদ্ধ ঘোষিত নব্য জেএমবির সক্রিয় সদস্য আবু নাঈম মোল্লাকে (২০) গ্রেফতার করেছে পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের সদস্যরা। রবিবার তাকে ১০ দিনের রিমান্ড আবেদন জানিয়ে আদালতে প্রেরণ করা হয়েছে। এর আগে শনিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে ‘মেসার্স মা মেডিক্যাল হল’ নামের ওষুধের দোকান থেকে তাকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) এসআই অজিত কুমার দাশ বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে আগৈলঝাড়া থানায় মামলা দায়ের করেছেন।
মামলার তদন্তকারী কর্মকর্তা পুলিশের এন্টি টেরোরিজম ইউনিটের (এটিইউ) ইন্সপেক্টর মো. খায়রুল ইসলাম গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন।
