পাঁচবিবি (জয়পুরহাট) সংবাদদাতা
জয়পুরহাটের পাঁচবিবি থানার উপপরিদর্শক এসআই আমিনুর রহমান, সহউপপরিদর্শক (এএসআই) রবিউল আওয়ালকে মাদক মামলার আসামি ছেড়ে দেওয়ার অভিযোগে বরখাস্ত করা হয়েছে। অন্যদিকে একই অভিযোগে বেতার সংশ্লিষ্ট পুলিশ কনস্টেবল মুক্তার হোসেনকে ক্লোজড করে ঢাকায় প্রেরণ করা হয়েছে। শনিবার রাতে জেলা পুলিশ সুপার কার্যালয় থেকে এ আদেশ দেওয়া হয়।
পাঁচবিবি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুনসুর রহমান ও স্থানীয় সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার বিকালে অভিযুক্ত ঐ তিন পুলিশ সদস্য আমজাদ হোসেন নামে একজনকে ১ হাজার পিস ইয়াবাসহ আটক করেন। পরে তারা ২ লাখ টাকা নিয়ে আমজাদকে ছেড়ে দেয়। তার পরিবার বিষয়টি জয়পুরহাট জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানালে জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবীরের নির্দেশে একটি তদন্ত টিম প্রাথমিক তদন্তে অভিযোগের সত্যতা পায়।
জয়পুরহাট জেলা পুলিশ সুপার সালাম কবীর বরখাস্ত ও ক্লোজডের বিষয়টি নিশ্চিত করেছেন।
