বরিশাল অফিস
বরিশালে স্টলের মালিকানা নিয়ে দ্বন্দ্বের জেরে ভাই ও ভাড়াটিয়ার হামলায় ছোটো ভাই ফরিদ হোসেন খান নিহতের ঘটনায় মামলা হয়েছে। নিহতের স্ত্রী রোজী বেগম বাদী হয়ে শনিবার রাতে কোতোয়ালি মডেল থানায় মামলাটি দায়ের করেন। মামলায় নিহতের তিন ভাই মো. শাহআলম খান, মো. মফিজুল ইসলাম নান্না খান ও মো. মজিবর রহমান খান এবং বিরোধীয় স্টলের ভাড়াটিয়া সোয়েব সিকদার আজাদকে আসামি করা হয়েছে। এদের মধ্যে শাহআলম ও মফিজুল ইসলাম নান্না খানকে পুলিশ গ্রেফতার করেছে। রবিবার দুপুরে তাদের ঐ মামলায় গ্রেফতার দেখিয়ে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় বলে নিশ্চিত করেছেন কোতোয়ালি মডেল থানার ওসি মো. নুরুল ইসলাম। আসামিদের অধিকতর জিজ্ঞাসাবাদের জন্য তাদের বিরুদ্ধে আদালতে রিমান্ড আবেদন করার কথা বলেন ওসি।
শনিবার সকালে ফরিদ স্টলের ভাড়া আনতে গেলে ভাড়াটিয়ার সঙ্গে বাগিবতণ্ডা হয়। একপর্যায়ে অপর তিন ভাই এবং ভাড়াটিয়াদের ইটের আঘাত এবং কিলঘুষিতে ফরিদ অচেতন হয়ে পড়ে। প্রতিবেশীরা তাকে শের-ই-বাংলা মেডিক্যালে নিলে চিকিত্সক মৃত ঘোষণা করেন।
