সংবাদ সংক্ষেপ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৪৩

দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা

নাসিরনগর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা নাসিরনগর উপজেলা সদরের দাঁতমণ্ডলে ভুঁইয়া দ্বৈত ব্যাডমিন্টন টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। ফাইনাল খেলায় নাসিরনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স দলকে হারিয়ে নাসিরনগর সদর বন্ধুমহল দল চ্যাম্পিয়ন হয়। শনিবার সন্ধ্যায় নাবা ফাউন্ডেশনের আয়োজনে দাঁতমণ্ডল নুুরিয়া হাফিজিয়া মাদ্রাসা মাঠে ফাইনাল খেলা শেষে বিজয়ী জুটি রাকিব ও মুন্নার হাতে পুরস্কার টিভি তুলে দেন উপজেলা ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতি সাংবাদিক আকতার হোসেন ভুঁইয়া।

দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অবহিতকরণ কর্মশালা

কুড়িগ্রাম প্রতিনিধি কুড়িগ্রামে রবিবার দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়ের অধীন ন্যাশনাল রেজিলিয়েন্স প্রোগ্রাম (এনআরপি) এর ফ্লাড প্রিপার্ডনেস প্রোগ্রাম এর অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসক স্বপ্নকুঁড়ি রিসোর্স সেন্টারে কর্মশালা উদ্বোধন করেন জেলা প্রশাসক সুলতানা পারভীন। এ সময় এনআরপি প্রোগ্রামের প্রকল্প পরিচালক (উপসচিব) এ কে এম মারুফ হাসানের সভাপতিত্বে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট জিলুফা সুলতানা, ইউএনডিপির প্রতিনিধি আরিফ আব্দুল্লাহ খান, সিডিডির প্রজেক্ট ম্যানেজার ইকবাল হোসেন প্রমুখ।

মুজিববর্ষ উপলক্ষ্যে সচেতনতামূলক ১০০ সভা শুরু

বিরামপুর (দিনাজপুর) সংবাদদাতা মুজিববর্ষ উপলক্ষ্যে বিরামপুর সার্কেল ও বিরামপুর থানা পুলিশ সচেতনতামূলক ১০০ সভা করার উদ্যোগ গ্রহণ করেছে। রবিবার উপজেলার ৯টি স্কুল ও মাদ্রাসায় সভার মাধ্যমে এ ব্যতিক্রমী উদ্যোগের যাত্রা শুরু হয়েছে। মুজিববর্ষ উপলক্ষ্যে পুলিশের দিনব্যাপী এই সভাগুলোতে বক্তব্য রাখেন বিরামপুর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার মিথুন সরকার, বিরামপুর থানার ওসি মনিরুজ্জামান প্রমুখ।

যানজট নিরসনসহ ১১ দফা দাবি

ফরিদপুর (পাবনা) সংবাদদাতা ফরিদপুরে যানজট নিরসনসহ ১১ দফা দাবিতে রবিবার মানববন্ধন করা হয়েছে। উপজেলার চৌরাস্তার মোড়ে ‘ফরিদপুর নাগরিক প্রত্যাশা পরিষদের উদ্যোগে ফরিদপুর পৌরসভায় তীব্র যানজট, গুরুত্বপূর্ণ স্থানে পাবলিক টয়লেট ও দুধসাগরে পিকনিক স্পট নির্মাণসহ ১১ দফা দাবিতে এই মানববন্ধন করা হয়। এ সময় বক্তব্য রাখেন ফরিদপুর ব্যবসায়ী সমিতির সভাপতি হাসান আলী, সাবেক ইউপি চেয়াম্যান মোজাম্মেল হক, উপজেলা কৃষকলীগের সভাপতি মাহাতাব উদ্দিন প্রমুখ।

ব্যবসায়ী হত্যাকারীদের ফাঁসি দাবি

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা ঈশ্বরগঞ্জে ব্যবসায়ী হেলাল উদ্দিনের হত্যাকারীদের ফাঁসির দাবিতে রবিবার দুপুরে মানববন্ধন করেছে বিভিন্ন সামাজিক সংগঠন, ব্যবসায়ী ও এলাকাবাসী। উচাখিলা বাজারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মানববন্ধনে একাত্মতা ঘোষণা করে বক্তব্য রাখেন উচাখিলা ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, রাজীবপুর ইউপি চেয়ারম্যান মোদাব্বিরুল ইসলাম, উপজেলা যুবলীগ সদস্য সাইদুল হক সরকার, উচাখিলা যুবলীগের আহ্বায়ক মিজানুর রহমান প্রমুখ।

ক্রীড়া ও সাংস্কৃতিক অনুষ্ঠান

বাঞ্ছারামপুর (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা বাঞ্ছারামপুরে মুজিববর্ষ উপলক্ষ্যে রবিবার স্টার আইডিয়াল একাডেমির ক্রীড়া, সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়। একাডেমির ব্যবস্থাপনা কমিটির সভাপতি এইচ কে আসমাতুন্নেছা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ছিদ্দিকুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন পাহাড়িয়াকান্দি ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মো. জাকির হোসেন। মো. সাকিরুন মিয়ার সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রভাষক মীর তাইজুল ইসলাম, সাংবাদিক এমরানুল হক আশেক এমরান প্রমুখ।

বগুড়ায় দুই মাদ্রাসা সুপারের জেল

১২ ভুয়া দাখিল পরীক্ষার্থী আটক

শেরপুর (বগুড়া) সংবাদদাতা বগুড়ার শেরপুরে দুই মাদ্রাসা সুপারসহ ১২ ভুয়া দাখিল পরীক্ষার্থীকে আটক করা হয়েছে। পরে ভ্রাম্যমাণ আদালত দুই সুপারকে এক মাস করে কারাদণ্ড দেয়। রবিবার দুপুরে উপজেলার সীমাবাড়ী ইউনিয়নের ধনকুণ্ডি আয়েশা মওলা বক্স দাখিল মাদ্রাসাকেন্দ্রে দাখিল পরীক্ষা চলাকালে এ ঘটনা ঘটে। ভুয়া ১২ পরীক্ষার্থীকে থানা পুলিশের হেফাজতে দেওয়া হয়েছে। উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মো. জামশেদ আলম রানা এই তথ্য নিশ্চিত করে জানান, ঐ মাদ্রাসাকেন্দ্রে পরীক্ষা চলাকালে গোপনে ভুয়া পরীক্ষার্থীদের সম্পর্কে জানতে পেরে তাদের যাচাই-বাছাই করা হয়। একপর্যায়ে ১২ জন পরীক্ষার্থীর প্রবেশপত্রের সঙ্গে ছবি ও নামের মিল না থাকায় তাদের আটক করা হয়।

রাণীনগরে খামারিদের সমাবেশ

রাণীনগর (নওগাঁ) সংবাদদাতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উপলক্ষ্যে ন্যাশনাল এগ্রিকালচারাল টেকনোলজি প্রোগ্রাম ফেজ-প্রজেক্ট (এনএটিপি-২) এর অর্থায়নে রবিবার রাণীনগরে সিআইজি ও নন সিআইজি খামারি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের আয়োজনে কালীগ্রাম ইউনিয়ন পরিষদ হলরুমে ইউনিয়নের প্রায় ৫২ জন খামারিকে নিয়ে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।

মাদারীপুরে সেমিনার ও প্রদর্শনী

মাদারীপুর প্রতিনিধি বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের আয়োজনে ‘স্থানীয় উদ্ভাবিত লাগসই প্রযুক্তি প্রয়োগ ও সম্প্রসারণ’ শীর্ষক সেমিনার ও প্রদর্শনী রবিবার অনুষ্ঠিত হয়। মুজিববর্ষ পালন উপলক্ষ্যে আচমত আলী খান মিলনায়তনে অনুষ্ঠিত সেমিনারে সভাপতিত্ব করেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাইফুদ্দিন গিয়াস। সদর উপজেলা প্রশাসন ও বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বাস্তবায়নে দুই দিনব্যাপী সেমিনার ও প্রদর্শনী উদ্বোধন করেন জেলা প্রশাসক মো. ওয়াহিদুল ইসলাম। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান ওবাইদুর রহমান কালু খান, বাংলাদেশ বিজ্ঞান ও শিল্প গবেষণা পরিষদের বৈজ্ঞানিক কর্মকর্তা ড. সানজিদা মুস্তফি প্রমুখ।

প্রীতি ক্রিকেট খেলা অনুষ্ঠিত

ভূঞাপুর (টাঙ্গাইল) সংবাদদাতা জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী মুজিববর্ষ উদ্যাপন উপলক্ষ্যে রবিবার ভূঞাপুর উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ক্রিকেট খেলা অনুষ্ঠিত হয়েছে।

ইব্রাহীম খাঁ সরকারি কলেজ মাঠে খেলা উদ্বোধন করেন পৌর মেয়র মাসুদুল হক মাসুদ। প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ প্রীতি ক্রিকেট ম্যাচে টাঙ্গাইল প্রেসক্লাব ১৮ রানে ভূঞাপুর প্রেসক্লাবকে পরাজিত করে। খেলায় প্রধান অতিথি ছিলেন টাঙ্গাইল-২ আসনের সংসদ সদস্য তানভীর হাসান ছোট মনির। ভূঞাপুর প্রেসক্লাবের সভাপতি শাহআলম প্রামাণিকের সভাপতিত্বে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন টাঙ্গাইল প্রেসক্লাবের সভাপতি জাফর আহমেদ, টাঙ্গাইল বাস মালিক সমিতির মহাসচিব গোলাম কিবরিয়া বড়মনি প্রমুখ।

শিল্পকারখানায় নিরাপদ বয়লার

ব্যবহারে সচেতনতা সভা

কুষ্টিয়া প্রতিনিধি কুষ্টিয়ায় রবিবার শিল্প কারখানায় দুর্ঘটনা রোধ ও বয়লারের সুষ্ঠু ব্যবহারে সচেতনতা সভা অনুষ্ঠিত হয়েছে। শিল্প মন্ত্রণালয়ের প্রধান বয়লার পরিদর্শক কার্যালয়ের উদ্যোগে স্থানীয় দিশা টাওয়ারের কনফারেন্স রুমে এ সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন প্রধান বয়লার পরিদর্শক মো. আব্দুল মান্নান। এতে রাজশাহী আঞ্চলিক কার্যালয়ের উপপ্রধান বয়লার পরিদর্শক মোহা. জিয়াউল হক, চট্টগ্রাম অঞ্চলের উপপ্রধান বয়লার পরিদর্শক মো. দিলারুল ইসলাম, কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের উপ-মহাব্যবস্থাপক হাসিবুজ্জামান প্রমুখ বক্তব্য রাখেন।