বিআইডব্লিউটিএকে ৬২ আবেদন নিষ্পত্তির নির্দেশ

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫৯

তুরাগ নদে বিআইডব্লিউটিএর সীমানার ভেতরে জমি আছে দাবি করে ৬২ পরিবারের করা আবেদন দুই সপ্তাহের মধ্যে নিষ্পত্তির নির্দেশ দিয়েছে হাইকোর্ট। বিআইডব্লিউটিএকে এসব আবেদন নিষ্পত্তি করতে বলা হয়েছে। এ সংক্রান্ত আবেদনের পরিপ্রেক্ষিতে বিচারপতি এম ইনায়েতুর রহিম ও বিচারপতি মো. মোস্তাফিজুর রহমানের সমন্বয়ে গঠিত হাইকোর্টের ডিভিশন বেঞ্চ গতকাল রবিবার এই আদেশ দেন। তুরাগ নদ রক্ষায় হিউম্যান রাইটস অ্যান্ড পিস ফর বাংলাদেশের পক্ষে আইনজীবী মনজিল মোরসেদের করা রিট মামলায় ২০০৯ সালে হাইকোর্ট কয়েক দফা নির্দেশনা দিয়ে নদটি রক্ষায় রায় দেয়। রায়ে সিএস ও আরএস জরিপ চালাতে বলা হয়। সে অনুযায়ী নদটিতে জরিপ চালিয়ে সীমানা পিলার দেওয়া হয়। কিন্তু সীমানা পিলারের ভেতরে জমি আছে দাবি করে সাভারের বড়দেশি মৌজায় ব্যক্তি মালিকানাধীন ভূমিতে মাটি খনন, পিলার স্থাপনে আপত্তি জানায় ৬২টি পরিবার। এসব আবেদনের শুনানি নিয়ে হাইকোর্ট এ আদেশ দেয়। আবেদনের পক্ষে আইনজীবী ফাহাদ মাহমুদ শুনানি করেন।