সব ধরনের ক্রিকেট থেকে বিদায় নেওয়ার পরই দক্ষিণ আফ্রিকার সাবেক কোচ রাসেল ডমিঙ্গোর দিকে অভিযোগের তীর ছুঁড়েছেন ফাস্ট বোলার ভার্নন ফিল্যান্ডার। ৩৪ বছর বয়সি ফিল্যান্ডার বাংলাদেশের বর্তমান প্রধান কোচকে কাঠগড়ায় তুলেছেন ২০১৫ সালের বিশ্বকাপের এক ঘটনার কারণে। সেবার বিশ্বকাপের সেমিফাইনাল থেকেই বিদায় নেয় দক্ষিণ আফ্রিকা। নিউজিল্যান্ডের বিপক্ষে শেষ ওভারে গিয়ে হারে ‘চোকার’ নামে পরিচিত এই দলটি। সেই বিশ্বকাপেই চার ম্যাচে নয় উইকেট পাওয়া কাইল অ্যাবটকে বসিয়ে রেখে খেলানো হয়েছিল ফিল্যান্ডারকে। সেই ঘটনায় খোদ ফিল্যান্ডারই বিস্মিত ছিলেন। তিনি মনে করেন, কাইল অ্যাবটকে বসানোর পেছনে অন্য কোনো কারণও থাকতে পারে। এই ব্যাপারে দলের তত্কালীন কোচ ডমিঙ্গোর সঙ্গে কথা বলেছিলেন সর্বশেষ ইংল্যান্ডের বিপক্ষে টেস্ট সিরিজ খেলেই ক্রিকেটকে বিদায় জানানো ফিল্যান্ডার।
