জিম্বাবুয়ের বাংলাদেশ সফর
স্পোর্টস রিপোর্টার
জিম্বাবুয়ের বিপক্ষে এই সিরিজে বঞ্চিতই হতে যাচ্ছিল সিলেট। টেস্ট ও টি-টোয়েন্টি হবে মিরপুরে। আর চট্টগ্রামে হওয়ার কথা ছিল তিন ম্যাচের ওয়ানডে সিরিজ। সেই সিরিজটা বিসিবি সরিয়ে নিয়ে গেছে সিলেটে। মূলত সিলেটের আন্তর্জাতিক ক্রিকেট স্টেডিয়ামকে আরো আন্তর্জাতিক পরিচিতি দিতে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিসিবি।
১৫ ফেব্রুয়ারি প্রায় এক মাসের এই সফরে বাংলাদেশে পৌঁছাবে জিম্বাবুয়ে দল। ১৮ ও ১৯ ফেব্রুয়ারি তারা ঢাকায়ই একটি অনুশীলন ম্যাচ খেলবে। সেই ম্যাচের প্রতিপক্ষ বা ভেন্যু অবশ্য ঠিক হয়নি। এরপর মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামে ২২ তারিখ থেকে প্রথম টেস্ট খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে। এই টেস্ট শেষে দুই দল চলে যাওয়ার কথা ছিলো চট্টগ্রামে। তার বদলে এখন তারা যাবে সিলেটে। সেখানে তিনটি ওয়ানডে খেলবে দুই দল। ১ মার্চ, ৩ মার্চ ও ৬ মার্চ অনুষ্ঠিত হবে তিনটি ওয়ানডে। তিনটি ম্যাচই দিবারাত্রির ম্যাচ। এরপর আবার ঢাকায় এসে দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ ও জিম্বাবুয়ে ৯ ও ১১ মার্চ অনুষ্ঠিত হবে দুটি টি-টোয়েন্টি। মিরপুর শেরে বাংলা স্টেডিয়ামের দুটি ম্যাচই হবে দিবারাত্রির।
বাংলাদেশ ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী নিজামউদ্দিন চৌধুরী সুজন বলেছেন, ‘আমরা সিলেটকে আরো গুরুত্ব দিতে ও আন্তর্জাতিক পরিচিতি দিতে ওয়ানডে সিরিজের ভেন্যু পরিবর্তন করেছি। আমাদের নিশ্চিত করতে হবে যে, আইসিসি স্বীকৃত সবগুলো ভেন্যু যেন একই রকম আন্তর্জাতিক ম্যাচ আয়োজনের সুযোগ পায়। এ জন্যই সিলেটে এই সিরিজটা আয়োজনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’ তবে চট্টগ্রামকে হতাশ হতে হচ্ছে না। জুন-জুলাই মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে দুই টেস্টের সিরিজের একটা ম্যাচ সেখানে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন সুজন, ‘অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজের একটা ম্যাচ অবশ্যই চট্টগ্রাম আয়োজনের সুযোগ পাবে।’
