স্পোর্টস রিপোর্টার
বঙ্গবন্ধু স্টেডিয়াম-সংলগ্ন শেখ রাসেল রোলার স্কেটিং কমপ্লেক্সে জমকালো অনুষ্ঠানের আয়োজন করেছিল বাংলাদেশ সাইক্লিং ফেডারেশন। ২৭ থেকে ২৯ ফেব্রুয়ারি এখানেই অনুষ্ঠিত হবে প্রথম কোনো আন্তর্জাতিক সাইক্লিং। ২৫টি দেশ আসবে বলে জানিয়েছেন আয়োজকেরা। গতকাল আন্তর্জাতিক এই লড়াইয়ের লোগো উন্মোচন অনুষ্ঠান আলো ছড়িয়েছিল। রাতে জমকালো আয়োজন করেছিল। ক্রীড়াঙ্গনের গুরুত্বপূর্ণ ব্যক্তিরা সেখানে এসেছিলেন। রঙিন আলো আর উচ্চ শব্দের সংগীত এলাকায় হইচই ফেলে দিয়েছিল। বছরের পর বছর অন্ধকারে পড়ে থাকা ফেডারেশন আধুনিকতার ছোঁয়া পেয়েছে। সাইক্লিং নিয়ে এভাবে এত বড়ো আয়োজন ক্রীড়াঙ্গনে এটাই প্রথম। জনপ্রিয় খেলা না হলেও কাল এই আয়োজন দারুণভাবে জানান দিল, একটা কিছু হতে যাচ্ছে। অংশগ্রহণকারী একেকটি দেশের পতাকা বহনকারীদের সঙ্গে সঙ্গে সেসব দেশের সংগীতও বেজে ওঠে। অনুষ্ঠানের শুভকামনা জানিয়ে বক্তব্য রেখেছেন প্রধান অতিথি ক্রীড়া প্রতিমন্ত্রী জাহিদ আহসান রাসেল, র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ, ক্রীড়াসচিব আকতার হোসেন, বাফুফের সদস্য হারুনুর রশিদ, বিওএর মহাসচিব সৈয়দ শাহেদ রেজা, সাইক্লিং ফেডারেশনের সভাপতি শফিউল্লাহ আল মুনির প্রমুখ উপস্থিত ছিলেন। ভিডিওতে শুভেচ্ছা জানিয়েছেন বিশ্ব সাইক্লিং চ্যাম্পিয়ন জ্যাক ক্যাথে। তিনিও ঢাকায় আসবেন।
