ময়মনসিংহের গৌরিপুর উপজেলার ভাংনামারীতে বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ উদ্যোগে প্রায় ৮০০ কোটি টাকা ব্যয়ে নির্মাণাধীন ৫০ মেগাওয়াট সৌর বিদ্যুত্ প্রকল্পের ৮৫ শতাংশ কাজ প্রায় শেষ। আগামী জুনেই এই প্রকল্পে বিদ্যুত্ উত্পাদন শুরু করা যাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা। এখানে বিদ্যুত্ উত্পাদনের পর তা ময়মনসিংহ শহরের কেওয়াটখালী জাতীয় গ্রিডে যুক্ত হবে। ব্রহ্মপুত্র নদের তীর ঘেঁষে নির্মিত এ প্রকল্পটি বাস্তবায়িত হলে বৃহত্তর ময়মনসিংহবাসী এর সুফল পাবেন। স্থানীয়ভাবে প্রায় ৩০০ লোকের কর্মসংস্থানেরও সুযোগ সৃষ্টি হবে।
সংশ্লিষ্ট সূত্রগুলো জানায়, সরকারের বার্ষিক পরিকল্পনার আওতায় নবায়নযোগ্য জ্বালানি বিশেষ করে সৌর বিদ্যুত্ উত্পাদনের লক্ষ্যে ময়মনসিংহের ভাংনামারীতে ৫০ মেগাওয়াট বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র স্থাপনের কাজ শুরু হয় ২০১৭ সালে। বাংলাদেশ, মালয়েশিয়া ও সিঙ্গাপুরের যৌথ প্রতিষ্ঠান এইচডিএফসি সিনপাওয়ার লি. প্রকল্পটি বাস্তবায়নে কাজ শুরু করে। প্রকল্পের তদারকিতে রয়েছে বাংলাদেশ সরকার। আগামী জুন মাসের মধ্যে প্রকল্পের পুরো কাজ শেষ করার কথা। কিন্তু এর আগেই কাজ শেষ হবে বলে সংশ্লিষ্টরা আশা করছেন।
এই প্রকল্পে উত্পাদিত বিদ্যুত্ যুক্ত হবে ময়মনসিংহ শহরের কেওয়াটখালীর জাতীয় গ্রিডে। প্রকল্প স্থান থেকে জাতীয় গ্রিডের দূরত্ব প্রায় পাঁচ কিলোমিটার। পাঁচ কিলোমিটার ট্রান্সমিশন লাইনের এক কিলোমিটার যাবে টাওয়ারের মাধ্যমে। বাকি চার কিলোমিটার যাবে মাটির নিচ দিয়ে। ট্রান্সমিশন লাইন নির্মাণের কাজও দ্রুত এগিয়ে চলেছে। প্রকল্প স্থানে স্থানীয় প্রকৌশলীদের সঙ্গে যুক্ত আছেন বিদেশি প্রকৌশলীরাও। ভবিষ্যতে এই প্রকল্পের মাধ্যমে আরো বেশি বিদ্যুত্ উত্পাদনের সুযোগ রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।
প্রকল্পটি পুরোপুরি বাস্তবায়নের পর ৩০০ শ্রমিকের স্থায়ী কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। প্রকল্পটি ঘিরে এলাকায় ব্যবসা-বাণিজ্যেরও প্রসার ঘটবে। এইচডিএফসি সিনপাওয়ার লি. এর পরিচালক গ্রুপ ক্যাপ্টেন শেখ মো. শফিকুল ইসলাম, পিএসসি (অব.) জানান, পরিবেশবান্ধব এ বিদ্যুত্ প্রকল্পে আগামী জুনের মধ্যে উত্পাদন শুরু হওয়ার কথা রয়েছে। প্রকল্পটির কারণে স্থানীয় অনেকের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হয়েছে। বর্তমানে স্থানীয় কয়েক শতাধিক লোক এখানে কাজ করছেন। তিনি জানান, বাংলাদেশে সৌর বিদ্যুতের চলমান প্রকল্পগুলোর মাঝে এটিই সবচেয়ে বড়ো প্রকল্প।
সরকারের পক্ষ থেকে প্রকল্প পরিচালক হিসেবে আছেন ময়মনসিংহ বিদ্যুত্ উন্নয়ন বোর্ড (দক্ষিণ) এর নির্বাহী প্রকৌশলী ইন্দ্রজিত দেবনাথ এবং জেনারেল ম্যানেজারের দায়িত্বে রয়েছেন মির্জা আল মামুন।
