রাজধানীর পল্টনে বিএনপির সমাবেশে সরকারকে নিয়ে প্রবীণ রাজনৈতিক নেতা ড. কামাল হোসেনের উক্তিকে আপত্তিকর ও রাস্তার ভাষা বলে মন্তব্য করেছেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। গতকাল রবিবার দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় সেতু নির্মাণ ও পুরোনো তিনটি সেতুর সংস্কার প্রকল্পের উদ্বোধন উপলক্ষ্যে নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ের মেঘনাঘাট এলাকায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।
মন্ত্রী বলেন, ড. কামাল হোসেন বিএনপির সমাবেশে সরকারকে লাথি মেরে উচ্ছেদ করবেন বলে যে বক্তব্য দিয়েছেন, তা গণতান্ত্রিক ভাষা হতে পারে না। বেগম খালেদা জিয়ার মুক্তির ব্যাপারে বিএনপি আন্দোলনের নামে আবারও দেশে জ্বালাও পোড়াও করে সহিংসতা সৃষ্টির চেষ্টা করলে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী উপযুক্ত জবাব দিবে বলেও হুঁশিয়ারি দেন ওবায়দুল কাদের। খালেদা জিয়ার মামলা প্রসঙ্গে ওবায়দুল কাদের বলেন, এটা কোনো রাজনৈতিক মামলা না। তার এই মামলা আমাদের সরকার করেনি। বিচারের পর রাজনৈতিকভাবে মুক্ত করার সুযোগ নেই। এটা আদালতের ব্যাপার। আওয়ামী লীগ সরকার গণতন্ত্র সুপ্রতিষ্ঠিত করতে দৃঢ়প্রতিজ্ঞ উল্লেখ করে সেতুমন্ত্রী বলেন, ‘দেশকে উন্নয়নের দিকে এগিয়ে নেওয়ার জন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিকল্পনার অংশ হিসেবে কাঁচপুর, মেঘনা ও গোমতী দ্বিতীয় তিনটি সেতু জাপানের সহায়তায় আধুনিক ও যুগোপযোগী করে চার লেনে নির্মাণ করা হয়েছে। জাপানি কোম্পানি জাইকা আজ এই সেতু তিনটি আমাদের কাছে হস্তান্তর করল। সেতু তিনটির কাজ নির্ধারিত সময়ের ছয় মাস আগে সম্পন্ন করায় ১ হাজার ৩৮৮ কোটি টাকা ব্যয় কম হওয়ায় জাপান সরকারের প্রতি ধন্যবাদ জানান তিনি।’
