জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের বক্তব্য সত্যের অপলাপ : জি এম কাদের

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ০০:৫১

জাতীয় পার্টির (জাপা) চেয়ারম্যান এবং সংসদের বিরোধীদলীয় উপনেতা জি এম কাদের বলেছেন, জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তানের নবনিযুক্ত হাইকমিশনার যে বক্তব্য রেখেছেন তা সত্যের অপলাপ মাত্র, যা উপমহাদেশের জন্য উদ্বেগজনক। জম্মু ও কাশ্মীর ইস্যু অবশ্যই ভারতের অভ্যন্তরীণ ব্যাপার। ভারতের ভেতরকার সমস্যা ভারতকেই সমাধান করতে হবে। আমরা লক্ষ্য করছি জম্মু ও কাশ্মীরে শান্তি ফিরিয়ে আনতে ভারত সরকার অনেক অগ্রসর হয়েছে।

জাপা চেয়ারম্যান গত বৃহস্পতিবার এক বিবৃতিতে আরো বলেন, জম্মু ও কাশ্মীর প্রশ্নে পাকিস্তান যে বক্তব্য রেখেছে তাতে উপমহাদেশের নিরাপত্তার প্রশ্নে বিরূপ প্রতিক্রিয়া সৃষ্টি হচ্ছে। ১৯৭১ সালে হানাদার পাকিস্তানি বাহিনী বাংলাদেশে যেভাবে নির্বিচারে গণহত্যা চালিয়েছিল, তাদের মুখে গণহত্যার অভিযোগ বেমানান। এখন যেহেতু উপমহাদেশ শান্তির পথে এগিয়ে যাচ্ছে তার মধ্যে উস্কানিমূলক বক্তব্য দিয়ে পরিস্থিতি ঘোলাটে না করে পাকিস্তানের উচিত হবে প্রতিবেশীদের সঙ্গে আলোচনার ভিত্তিতে সব অমীমাংসিত সমস্যা সমাধানের পথ খুঁজে বের করা।