সদ্য সমাপ্ত ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে ভোট ‘কারচুপির’ তথ্য কূটনীতিকদের কাছে তুলে ধরেছে বিএনপি। লেকশোর হোটেলে গতকাল রবিবার ধানের শীষের দুই মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল ও ইশরাক হোসেন কূটনীতিকদের ব্রিফিং করেন। রুদ্ধদ্বার এই বৈঠকে কূটনীতিকদের সামনে ভোটারদের কেন্দ্রে যেতে বাধা, ইভিএমে কারচুপি, কেন্দ্র দখল, গণমাধ্যমের সাংবাদিকদের ওপর আক্রমণসহ নির্বাচনের সার্বিক চিত্র তথ্য-উপাত্তসহ উপস্থাপন করা হয়। বৈঠকে অস্ট্রেলিয়া, রাশিয়া, ডেনমার্ক, নরওয়ের রাষ্ট্রদূত এবং জার্মানি, তুরস্ক, ভারত, ইউরোপীয় ইউনিয়নসহ ১৩টি দেশের কূটনীতিকেরা উপস্থিত ছিলেন।
বৈঠকে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী, ইকবাল হাসান মাহমুদ টুকু, ভাইস চেয়ারম্যান আবদুল আউয়াল মিন্টু, কেন্দ্রীয় নেতা ইসমাইল জবিউল্লাহ, শামসুর রহমান শিমুল বিশ্বাস, শামা ওবায়েদ, আসাদুজ্জামান, জহিরউদ্দিন স্বপন, জেবা খান, মীর হেলাল, ফারহানা মুন্নী প্রমুখ উপস্থিত ছিলেন। বৈঠকের পর অপেক্ষমাণ সাংবাদিকদের সঙ্গে ইশরাক হোসেন কথা বললেও তাবিথ আউয়াল কোনো কথা বলতে অপারগতা প্রকাশ করেন। বৈঠকে অংশ নেওয়া বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরসহ নেতারাও সাংবাদিকদের সঙ্গে কোনো কথা বলতে রাজি হননি।
ইশরাক বলেন, এখানে দলের ফরেন অ্যাফেয়ার্স কমিটির পক্ষ থেকে একটা প্রেজেন্টেশন দেওয়া হয়েছে। তাতে নির্বাচনের দিন কী কী ঘটনা ঘটেছে, তা দেখানো হয়েছে। কোন বিষয়গুলো ফোকাস করেছেন, প্রশ্ন করা হলে তিনি বলেন, কারচুপির ইলেকশন, জালিয়াতির ভোট—এসব বিষয় তুলে ধরা হয়েছে। তারা তো আমাদের উন্নয়ন সহযোগী দেশ, তারা জানতে চেয়েছে ইলেকটোরাল প্রসেসটা কীভাবে সংঘটিত হচ্ছে।
