সাভার তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেড গত পাঁচ দিন অভিযান পরিচালনা করে ১০ হাজার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করেছে। এ সময় অবৈধ সংযোগের সঙ্গে জড়িত থাকায় মদিনা ফুড প্রোডাক্টের মালিক ফজলুল করিমকে আটক করা হয়েছে। এছাড়া ঐ এলাকার তিন ইউপি সদস্যসহ ৩৬ জনের বিরুদ্ধে মামলা করেছে তিতাস গ্যাস কর্তৃপক্ষ।
তিতাস গ্যাস কর্তৃপক্ষ ও এলাকাবাসী সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে আশুলিয়ার বিভিন্ন এলাকায় থানা স্বেচ্ছাসেবক লীগ নেতা ও ইউপি মেম্বার বকুল হোসেন সরকার ও তার ভাই সাগির হোসেন সরকার টাকা নিয়ে অবৈধ গ্যাস সংযোগ দেয়। সংযোগের পর তারা প্রতি মাসে থানা পুলিশ ও তিতাস কর্তৃপক্ষকে ম্যানেজ করার কথা বলে গ্যাস ব্যবহারকারীদের কাছ থেকে ৫০০ টাকা উত্তোলন করে আসছিল। এমন সংবাদের ভিত্তিতে তিতাসের কর্তৃপক্ষ ঐ এলাকায় অভিযান চালিয়ে গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার পাশাপাশি একটি মামলা দায়ের করেছে।
সাভার তিতাস গ্যাসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত সায়েম বলেন, বৃহস্পতিবার আশুলিয়ার ইয়ারপুর ইউপির নরসিংহপুর, দেওয়ানবাগ, ফুলবাগান, জিরাবো, ঘোষবাগ, তৈয়বপুর, মাদবরবাড়ী, টঙ্গাবাড়ী, বাংলাবাজার, গোমাইলসহ আশপাশের প্রায় ১০ কিলোমিটার এলাকার অবৈধ গ্যাস সংযোগ দেওয়া এবং ব্যবহারের অপরাধে স্বেচ্ছাসেবক লীগ এবং ইয়ারপুর ইউপির সদস্য বকুল হোসেন সরকার (মেম্বার), মোহাম্মদ আলী মেম্বার ও আক্কাস মেম্বারসহ ৩৬ জনের বিরুদ্ধে আশুলিয়া থানায় মামলা রুজু করা হয়েছে। এর আগেও এসব এলাকায় মোবাইল কোর্টের মাধ্যমে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছিল। গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ফজলুল করিমকে আমরা হাতেনাতে ধরতে সক্ষম হই।
আশুলিয়া থানার পুলিশ পরিদর্শক (ওসি তদন্ত) জাবেদ মাসুদ বলেন, পুলিশ অভিযুক্তদের গ্রেফতারের জন্য অভিযান চালাচ্ছে।
