মুরাদনগর (কুমিল্লা) সংবাদদাতা
কুমিল্লা-৩ (মুরাদনগর) আসনে গত ৪০ বছর ধরে স্থানীয় আওয়ামী লীগের মধ্যে দলীয় কোন্দল চলে আসছিল। তবে এবার ভিন্ন চিত্র লক্ষ্য করা গেছে। এবার আওয়ামী লীগ নেতাকর্মীরা এক হয়ে নৌকার প্রার্থী বর্তমান সংসদ সদস্য ইউসুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে ভোটের মাঠে নেমেছেন।
শনিবার বিকেলে উপজেলার রামচন্দ্রপুর বাজারে রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের আয়োজিত মতবিনিময় সভা ও আলোচনা সভায় দলীয় কোন্দল ও বিভক্তি ভুলে সকল নেতারা হাতে হাত মিলিয়ে নৌকা মার্কায় ভোট চান এবং দলীয় মনোনয়নপ্রাপ্ত ইউছুফ আব্দুল্লাহ হারুনের পক্ষে কাজ করার ঘোষণা দেন।
রামচন্দ্রপুর উত্তর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি জীবন মিয়া মেম্বারের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আওয়ামী লীগের মনোনিত প্রার্থী ইউছুফ আব্দুল্লাহ হারুন এমপি। প্রধান বক্তা কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম সরকার। বিশেষ অতিথি ছিলেন কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি ম. রুহুল আমীন, হানিফ সরকার, উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ আব্দুল কাইয়ুম খসরু, উপজেলা আওয়ামী লীগের সভাপতি সৈয়দ আহম্মদ হোসেন আউয়াল, কুমিল্লা উত্তর জেলা আওয়ামী লীগের মুক্তিযুদ্ধা বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট আবুল কালাম আজাদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মাসুকুল ইসলাম মাসুক সাংগঠনিক সম্পাদক হেলাল উদ্দিন মজনু, কুমিল্লা জেলা পরিষদের সদস্য খাইরুল আলম সাধন, ভিপি জাকির প্রমুখ।
মুরাদনগর উপজেলা আওয়ামী লীগের বেশ কয়েকজন নেতা বলেন, দেশ নেত্রীর নির্দেশে আওয়ামী লীগের বিজয় সুনিশ্চিত করতে উপজেলার সকল নেতারা বিরোধ ভুলে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করছেন।
মুরাদনগর আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী ও সংসদ সদস্য ইউছুফ আব্দুল্লাহ হারুন বলেন, ‘সাধারণ মানুষের সেবায় নিজেকে নিয়োজিত রাখতে সবার কাছে নৌকা মার্কায় ভোট চাই’।
