ফরিদপুর-১ আসনে ভোটের মাঠে প্রার্থীদের সন্তানেরা

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২১:৩৮

বোয়ালমারী (ফরিদপুর) সংবাদদাতা

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুর-১ (বোয়ালমারী, আলফাডাঙ্গা, মধুখালী) আসনে আওয়ামী লীগের প্রার্থী রূপালী ব্যাংকের চেয়ারম্যান অবসরপ্রাপ্ত সচিব মনজুর হোসেন নৌকা প্রতীক নিয়ে ভোটের মাঠে লড়ছেন। অপরদিকে ধানের শীষ প্রতীক নিয়ে বিএনপির প্রার্থী হয়েছেন দলটির জাতীয় নির্বাহী কমিটির সদস্য, এ আসনের চারবারের সাবেক সাংসদ মুক্তিযোদ্ধা শাহ্ মোহাম্মদ আবু জাফর। এ মুহূর্তে নির্বাচনী প্রচার-প্রচারণায় এলাকার প্রতিটি জনপদ সরগরম। নিজ নিজ দলের নেতাকর্মী সমর্থকদের পাশাপাশি প্রার্থীদের পরিবারের সদস্যরাও ভোটারদের দ্বারে দ্বারে ছুটে যাচ্ছেন। তবে প্রচারণায় চমক সৃষ্টি করছেন দুই প্রার্থীর দুই সন্তান। তাদেরকে পেয়ে ভোটারদের মধ্যে সৃষ্টি হয়েছে নির্বাচনী নতুন আমেজ। আওয়ামী লীগের প্রার্থী মনজুর হোসেনের জন্য তার ছোট কন্যা ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের আইন বিষয়ে শিক্ষার্থী দিশা হোসেন ভোট ও দোয়া চাইছেন বিভিন্ন এলাকা ঘুরে। তিনি বলেন, এ আসনে নৌকা অত্যন্ত জনপ্রিয় প্রতীক। তাই আমার বাবা এবারই প্রথম নির্বাচনে অংশ নিলেও নৌকা প্রতীক ও সরকারের বিভিন্ন ইতিবাচক উন্নয়ন কর্মকাণ্ডের কারণে যেখানেই ভোটারদের কাছে যাচ্ছি সেখানেই তাদের ভালোবাসা ও সমর্থন পাচ্ছি।

শাহ্ জাফরের পক্ষে তার বড় সন্তান সুপ্রিম কোর্টের তরুণ আইনজীবী শাহ্ মোহাম্মদ খুররম বিভিন্ন এলাকায় গণসংযোগ চালিয়ে ভোটারদের মাঝে সাড়া জাগিয়ে তুলছেন। তিনি বলেন, এই জনপদে আমার বাবা দীর্ঘকাল ধরে রাজনীতি ও মানুষের জন্য কাজ করে আসছেন। এজন্য তার পক্ষে যেখানেই ভোট চাইতে যাচ্ছি সেখানেই নারী-পুরুষ বিশেষ করে প্রবীণ ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছি।