ঈশ্বরদী (পাবনা) সংবাদদাতা
পাবনা-৪ আসনে আওয়ামী লীগের প্রার্থী ভূমিমন্ত্রী শামসুর রহমান শরীফের নির্বাচনী প্রচার-প্রচারণায় মাঠে নেমেছেন তার স্ত্রী কামরুন্নাহার শরীফ। ঈশ্বরদী উপজেলা মহিলা আওয়ামী লীগের সভাপতি কামরুন্নাহার শরীফ ভোর হতে রাত অবধি চষে বেড়াচ্ছেন ঈশ্বরদী ও আটঘোড়িয়া উপজেলার নির্বাচনী মাঠ। তীব্র শীত ও বৈরী আবহাওয়া উপেক্ষা করে স্বামীর পক্ষে ব্যাপক গণসংযোগ করছেন।
আটঘোড়িয়া উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে রবিবার সকালে আয়োজিত নির্বাচনী নারী সমাবেশে কামরুন্নাহার শরীফ বলেন, উন্নয়নের অগ্রযাত্রায় বাংলাদেশে যেমন জননেত্রী শেখ হাসিনার বিকল্প নেই, তেমনি এই আসনেও ভূমিমন্ত্রী শরীফ সাহেবের বিকল্প নেই। তারই উদ্যোগে পারমাণবিক বিদ্যুত্ কেন্দ্রের মাধ্যমে শুধু ঈশ্বরদী নয়, সারাদেশেই বিদ্যুতের আধুনিকায়ন হবে। তার আন্তরিকতার কারণে প্রধানমন্ত্রী ঈশ্বরদীকে শুধু আধুনিক শহরে পরিণত করেননি, উত্তরাঞ্চলের একটি গুরুত্বপূর্ণ শহরে পরিণত করেছেন। তাই এলাকার কৃতজ্ঞ মানুষ আবারো তাকে (ভূমিমন্ত্রী) বিপুল ভোটে বিজয়ী করবে।
