স্পোর্টস রিপোর্টার
সেই ১৯৯৭ সালের আইসিসি ট্রফিতে শেষবারের মতো কোনো আইসিসি ইভেন্টের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এর ২৩ বছর বাদে বাংলাদেশ আরো একটি আইসিসি ইভেন্টে লিখল নিজেদের নাম। সেটা হলো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ আসর। আর প্রথমবারের মতো বিশ্বকাপ জয়ের পর জাতীয় দলের তারকাদের প্রশংসা বার্তা পেল খুদে বাঘের দল।
‘অভিনন্দন বাংলাদেশ। বিশেষ করে বলব অভিষেক দাসের কথা, ও আমার শহরের ছেলে। এছাড়া রাকিবুল, শরিফুল, ইমন আর সব খেলোয়াড় ও কোচিং স্টাফের কথাও বলতে হয়। আর আকবর তো মুগ্ধই ধরেছে। কীভাবে আবেগকে নিয়ন্ত্রণ করে খেলতে হয় সেটা ওর কাছ থেকে শেখা যায়। এটা বাংলাদেশের যেকোনো মানুষের জন্যই বিশাল একটা অর্জন। তবে, আরো অনেক দূর যেতে হবে। এ সময়টা উপভোগ করো, আর ভবিষ্যতে আরো বড়ো কিছু অর্জনের চেষ্টা করো ক্যাপ্টেন আকবর।’
—মাশরাফি বিন মুর্তজা
‘তরুণ বাঘেরা করে দেখিয়েছে। তারা প্রথমবারের মতো অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপের শিরোপা জিতেছে। ভারতকে তিন উইকেটে হারানোর এই দিনটা বাংলাদেশ ক্রিকেটে ইতিহাসে লেখা হয়ে থাকবে।’
— সাকিব আল হাসান
‘আইসিসি অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপ জয়ের জন্য বাংলাদেশ যুব ক্রিকেট দলকে আমার অন্তর থেকে অভিনন্দন। তোমরা পুরো জাতিকে গর্বিত করেছ।’
— তামিম ইকবাল
‘আলহামদুলিল্লাহ। আমি শুধু এটুকুই বলতে পারি বাংলাদেশের ক্রিকেটার হিসেবে এত বড়ো অর্জনের রাত আমার জীবনে আর আসেনি। এই ছেলেগুলো আমাকে জীবনের সবচেয়ে বড়ো গর্বটা উপহার দিয়েছে। তোমাদের অভিনন্দন!’
— মুশফিকুর রহিম
কী দারুণ এক মুহূর্ত! বিশ্বচ্যাম্পিয়ন। এ ছেলেদের নিয়ে আমি গর্বিত। হূদয়ের গভীর থেকে আমি বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দলকে অভিনন্দন জানাতে চাই।’
— মাহমুদউল্লাহ রিয়াদ
‘আমি আমার আনন্দটা ভাষায় প্রকাশ করতে পারছি না। এটা আমাদের জন্য সত্যিই অসাধারণ একটা মুহূর্ত। ছেলেরা দারুণ খেলেছে। তাদের জন্য আমার পক্ষ থেকে অনেক ভালোবাসা ও শুভকামনা।’
— মুস্তাফিজুর রহমান
দারুণ এক জয়ের জন্য অভিনন্দন। তোমরা পুরো জাতিকে গর্বিত করেছ। তোমরা ইতিহাস গড়েছ।
— মুমিনুল হক
আমি এই তরুণ বাঘের দলকে দেখে খুবই গর্বিত ও আনন্দ। ক্রিকেটের সবচেয়ে বড়ো মঞ্চে গর্জন করা সহজ নয়। দলটা বিশ্বকাপ জিতেছে নিজেদের সামর্থ্য ও টিম স্পিরিট দিয়ে। আশা করি, বাংলাদেশ ক্রিকেটের ভবিষ্যত্ এভাবেই আরো আলো ছড়াবে।
— ইমরুল কায়েস
