সময় বাঁচাতে ভিন্ন আঙ্গিকে লিগের ফিকশ্চার

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:২২

স্পোর্টস রিপোর্টার

এএফসি কাপ, জাতীয় দলের খেলা। নানাভাবে আন্তর্জাতিক ফুটবলে ব্যস্ত সূচি রয়েছে বাংলাদেশ।  যেমনি আছে জাতীয় দলের তেমনি আছে ক্লাব ফুটবলের সূচি। আন্তর্জাতিক খেলাগুলোর সূচি পরিবর্তন করা যাবে না। নির্ধারিত সময়ের খেলা নির্ধারিত সময়েই হতে হবে। লিগ কমিটি সে পথে হাঁটলে ক্লাবগুলোর মতামত দরকার। গতকাল এটা নিয়ে লিগ কমিটির জরুরি সভা হয়। সেখানে ছিলেন না কমিটির চেয়ারম্যান আব্দুস সালাম মুর্শেদী। তার কিডনীতে পাথর পাওয়া গেছে। ব্যস্ত থাকা এই কর্মকর্তা এখন বিশ্রামে। সালাম মুর্শেদীর মতামত নিয়েই কাল সভা হয়ে গেল। সভাপতি ছিলেন আবদুর রহিম, তিনি বাফুফের সাবেক সাধারণ সম্পাদক। সবার মতামতে প্রিমিয়ার লিগের ফিকশ্চার ঘোষণা করা হয়েছে।

আগামী ১৩ ফেব্রুয়ারি লিগ শুরু হবে সেটা নির্ধারিত রয়েছে। ফিকশ্চারের পরিবর্তনটা হচ্ছে প্রথা অনুযায়ী ১৩ দলের মধ্যে চ্যাম্পিয়ন দল খেলবে ১৩ নম্বর দলের বিপক্ষে, লিগ রানার্সআপ দল খেলবে ১২ নম্বর দলের বিপক্ষে। ৩ খেলবে ১১ নম্বর দলের বিপক্ষে, এভাবে ধারাবাহিকভাবে খেলাটা হতো। এখনো সেভাবেই খেলা হবে। তবে খেলাটা হবে আগপিছ করে। এতে ক্লাব কর্মকর্তারা মনে করছেন জাতীয় দল এবং এএফসি কাপ ফুটবলের খেলাগুলোতে অংশ নেওয়াটা যেমন একটু সহজ হবে তেমনি লিগের সময়টাও কমে আসবে। আগের নিয়মে খেলা হলে লিগ শেষ হতো ১ সেপ্টেম্বর। আর এখন লিগ শেষ হবে ৩১ জুলাই, বললেন কম্পিটিশন কমিটির কর্মকর্তা জাবের বিন আনসারী। জানিয়েছেন এক মাস সময় বেঁচে যেতে পারে। ক্লাবগুলো একমত বলেই এমন পথে হাঁটছে লিগ কমিটি। বসুন্ধরা কিংস, চট্টগ্রাম আবাহনী, সাইফ স্পোর্টিং ক্লাব, মোহামেডান, রহমতগঞ্জ, পুলিশ, মুক্তিযোদ্ধা সংসদ, শেখ জামাল। আবাহনীর কেউ ছিলেন না সভায়। 

লিগের খেলা হবে সাত ভেন্যুতে। ঢাকা, চট্টগ্রাম, গোপালগঞ্জ, নীলফামারী, ময়মনসিংহ, সিলেট এবং নতুন কুমিল্লায় খেলা হবে। মোহামেডানের ভেন্যু কুমিল্লায় এখনই খেলা হবে না। পঞ্চম রাউন্ডের ম্যাচ থেকে মোহামেডান খেলবে। কুমিল্লার দর্শকদের জন্য খবর হচ্ছে সেখানে প্রথম ম্যাচ হবে মার্চের প্রথম সপ্তাহে। মোহামেডান ও লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংস খেলবে।

১৩ ফেব্রুয়ারি নীলফামারীতে বসুন্ধরা কিংস ও উত্তর বারিধারা, বঙ্গবন্ধু স্টেডিয়ামে শেখ জামাল ও চট্টগ্রাম আবাহনী এবং সিলেটে শেখ রাসেল ও ব্রাদার্স মুখোমুখি হবে। ১৪ ফেব্রুয়ারি বঙ্গবন্ধু স্টেডিয়ামে মোহামেডান ও আরামবাগ, ময়মনসিংহে সাইফ স্পোর্টিং ও রহমতগঞ্জ খেলবে। ১৬ ফেব্রুয়ারি আবাহনী ও পুলিশের খেলা ঢাকায়।