ফেনী জেলার ছাগলনাইয়া উপজেলা সদরে গ্যাস সরবরাহ ব্যবস্থা চালু আছে গত তিন দশক। কিন্তু গত প্রায় এক বছর ধরে তীব্র গ্যাস সংকট দেখা দিয়েছে। দিনের বেলায় একদম গ্যাস পাওয়া যায় না। রাতের বেলা গ্যাস আসে আবার সকাল হলেই চলে যায়। প্রত্যেক হোটেল, হাসপাতাল কিংবা বাসাবাড়িতে প্রতিদিন চলে গ্যাস নিয়ে হাহাকার। দিনের বেলা যখন রান্নাবান্নার কাজ শুরু হয় ঠিক তখন গ্যাস থাকে না। গ্যাসের অভাবে সকালের নাস্তাটা পর্যন্ত তৈরি করা সম্ভব হয় না। অথচ প্রতি মাসে নিয়মিত গ্যাস বিল পরিশোধ করে যাচ্ছেন ভুক্তভোগী জনগণ। আবার বিকল্প জ্বালানি কিনতে গুনতে হচ্ছে দ্বিগুণ-তিনগুণ টাকা। কয়টা পরিবারের পক্ষে এভাবে টাকা খরচ করা সম্ভব? গ্যাসের সরবরাহ যেহেতু দিনে থাকে না, তাহলে মাসে অর্ধেক বিল নিলেই তো হয়। গ্যাসের এই সংকটের বিষয়ে কারো কোনো মাথাব্যথা নেই! জনগুরুত্বপূর্ণ বিষয়ে কর্তৃপক্ষীয় উদাসীনতা সত্যিই দুঃখজনক। ছাগলনাইয়া উপজেলার জনগণকে গ্যাসের সংকট আর কতদিন বইতে হবে কে জানে? পরিশেষে, সমস্যাটি দ্রুত সমাধানের জন্য যথাযথ কর্তৃপক্ষের সদয় দৃষ্টি আকর্ষণ করছি।
হারুনুর রশিদ আরজু
ফেনী
০
