রাজশাহীতে মাস্কের দাম চার গুণ বেশি নেওয়ায় জরিমানা

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩৫

স্টাফ রিপোর্টার, রাজশাহী

রাজশাহীতে মাস্কের দাম চারগুণ বেশি নেওয়ার অভিযোগে ‘রিয়া সার্জিক্যাল অ্যান্ড ড্রাগ হাউজ’কে ২ হাজার টাকা জরিমানা করা হয়েছে। সোমবার দুপুরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর রাজশাহী বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (এডি) হাসান আল মারুফ বাজার অভিযানের সময় এই জরিমানা করেন। জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের এডি হাসান আল মারুফ জানান, নগরীর লক্ষ্মীপুর মোড়ের রিয়া সার্জিক্যাল অ্যান্ড ড্রাগ হাউজে মাত্র ৫ টাকা দামের একটি মাস্কের দাম ২০ টাকা নেওয়ার বিষয়ে সংশ্লিষ্ট ক্রেতা অভিযোগ করেন। পরে জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার সংরক্ষণ অধিদপ্তরের একজন কর্মী ক্রেতা সেজে ঐ দোকানেই মাস্ক কিনতে যান। তার কাছে থেকেও ৫ টাকার মাস্কের দাম ২০ টাকা নেওয়া হয়। এসময় পাশেই ছিলেন জাতীয় ভোক্তা সংরক্ষণ অধিকার অধিদপ্তরের টিম। হাতেনাতে প্রমাণ পাওয়ায় রিয়া সার্জিক্যাল অ্যান্ড ড্রাগ হাউজকে ২ হাজার টাকা জরিমানা করা হয়। বিশ্বব্যাপী করোনা ভাইরাসে মৃত্যুর ঘটনা এখন সবচেয়ে আলোচিত। সরকারের রোগতত্ত্ব, রোগ নিয়ন্ত্রণ ও গবেষণা ইনস্টিটিউটের (আইইডিসিআর) পরিচালক অধ্যাপক ডা. সেবরিনা ফ্লোরা বলেছেন, এ রোগ ৩০ শতাংশ মানুষ থেকে মানুষে হাঁচি-কাশির মাধ্যমে ছড়ায়। তাই মাস্ক ব্যবহার করা ভালো। তবে বাংলাদেশে এ রোগে আক্রান্ত কেউ নেই।