বিজ্ঞানী মাকসুদুল আলম দেশের জন্য অবদান রেখে গেছেন

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২১:৫০

স্মরণগ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে বক্তারা

ইত্তেফাক রিপোর্ট

‘পাট ও ছত্রাকের জীবন রহস্য উদ্ভাবনের মাধ্যমে বাংলাদেশের জন্য অনেক বড়ো গৌরব বয়ে এনেছেন বিজ্ঞানী মাকসুদুল আলম। এ দেশের মানুষ তাকে আজীবন শ্রদ্ধা ভরে স্মরণ করবে’ বলে জানিয়েছেন সাবেক কৃষি মন্ত্রী মতিয়া চৌধুরী। গতকাল সোমবার জাতীয় প্রেসক্লাবে বিজ্ঞানী মাকসুদুল আলমের জীবন ও কর্ম নিয়ে কবি শাহেদ কায়েস সম্পাদিত ‘বিজ্ঞানী মাকসুদুল আলম স্মরণগ্রন্থ’র প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

মতিয়া চৌধুরী বলেন, আজকে আমরা এই ক্ষেত্রে বিশ্বে পাইওনিয়ার। পাটকে কেন্দ্র করে দেশে কীভাবে আরো সম্ভাবনার দ্বার উন্মোচন করা যায় এখন আমাদের বিজ্ঞানীদের, গবেষকদের তা নিয়ে কাজ করতে হবে।

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক সদস্য অধ্যাপক ড. এম ইউসুফ আলী মোল্লার সভাপতিত্বে অনুষ্ঠানে আরো অনুষ্ঠানে বক্তব্য রাখেন মেজর জেনারেল (অব:) মঞ্জুরুল আলম, জাতীয় প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফরিদা ইয়াসমিন, রাফিয়া হাসিনা আলম, বইটির সম্পাদক কবি শাহেদ কায়েস, অধ্যাপক দিলীপ কুমারনাথ এবং ঐতিহ্যের হেড অব অপারেশন কাজী আদনান কবির। অনুষ্ঠানটি সঞ্চালন করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহযোগী অধ্যাপক জোবাইদা নাসরীন কণা। কণ্ঠশিল্পী আফজাল হোসেনের কণ্ঠে রবীন্দ্রনাথের ‘তুমি কেমন করে গান কর হে গুণী’ গানের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়। স্মরণগ্রন্থটি প্রকাশ করেছে প্রকাশনা সংস্থা ‘ঐতিহ্য’।

ক্যানসার আক্রান্ত কবির

পাশে আরেক কবি

বিক্রয়লব্ধ অর্থ দুরারোগ্য ক্যানসারে আক্রান্ত এক তরুণ কবি আক্তারুজ্জামান লেবুর চিকিত্সার জন্য উত্সর্গ করার অভিপ্রায়ে অমর একুশে গ্রন্থমেলায় আমেরিকা প্রবাসী কবি বিমল সরকারের কাব্যগ্রন্থ ‘অস্তিত্বের আমি’ এবং ‘অনুভূতির সুবাস’ প্রকাশিত হয়েছে।

উদীয়মান অভিনেত্রী সঞ্চিতা দত্তের উপস্থাপনায় এবং কবি কুমকুমের সম্মানিত অতিথিদের বরণ করে নেওয়ার মধ্য দিয়ে ঢাকার একুশে গ্রন্থমেলার সবুজ চত্বর প্রাঙ্গণে গ্রন্থ দুটির মোড়ক উন্মোচিত হয়েছে।

আয়োজিত এ অনুষ্ঠানে অতিথি ছিলেন বাংলাদেশের জাতীয় সংসদের ডেপুটি স্পিকার ফজলে রাব্বি মিঞা, সুপ্রিম কোর্টের বার অ্যাসোসিয়েশনের সভাপতি এ এম আমিনুদ্দিন, সুপ্রিম কোর্টের আইনজীবী সগীর আনোয়ার, বাংলা একাডেমির ভারপ্রাপ্ত  মহাপরিচালক মো. আনোয়ার হোসেন, কবি আনিসুল হক, সুপ্রিম কোর্টের আইনজীবী শেখ আখতার ইসলাম, কলি প্রকাশনীর স্বত্বাধিকার মহিউদ্দিন কলি প্রমুখ। বই দুটির প্রাপ্তি স্থান বইমেলার কলি প্রকাশনী।