সেরা ছবি প্যারাসাইট শ্রেষ্ঠ অভিনেতা জোয়াকিন অভিনেত্রী রেনে

আপডেট : ১০ ফেব্রুয়ারি ২০২০, ২২:০৯

লস অ্যাঞ্জেলেসের ডলবি থিয়েটারে গতকাল বাংলাদেশ সময় সকাল ৭টায় অনুষ্ঠিত হয় অস্কারের পুরস্কার বিতরণী অনুষ্ঠান। এবারের আসরে নতুন ইতিহাস গড়েছে কোরিয়ান সিনেমা ‘প্যারাসাইট’। প্রতি বছর অস্কারের মঞ্চে সেরা সিনেমা নির্বাচনের নাটকীয়তা থাকে মূল ইংরেজি সিনেমাগুলো নিয়ে। এবারও এমনটাই ধারণা ছিল সবার। এমনকি ‘প্রেডিকশন’ হিসেবেও উঠে এসেছিল একটি মার্কিন সিনেমার নাম। কিন্তু কল্পনাকে ছাপিয়ে গেল এবারের একাডেমি অ্যাওয়ার্ড। ইংরেজি সিনেমার রেকর্ড ভেঙে ৯২তম আসরের সেরা সিনেমা এখন ‘প্যারাসাইট’।

শুধু তাই নয়, সেরার মুকুট উঠল এই ছবির পরিচালক বং জুন হোর মাথায়ও। প্রথমবার ইংরেজি ছবির বাইরে কোনো পরিচালককে সেরা হিসেবে বেছে নিল অস্কারের মঞ্চ। এছাড়া সেরা আন্তর্জাতিক ফিচার সিনেমা ও সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে ক্যাটাগরিতেও পুরস্কার পায় ‘প্যারাসাইট’। সেরা ছবি না পেলেও ‘জোকার’ ছবিতে অনবদ্য অভিনয়ের পুরস্কার পেলেন জোয়াকিন ফিনিক্স। সেরা অভিনেতা হিসেবে তার নাম ঘোষিত হতেই আপ্লুত জোয়াকিন কান্নায় ভেঙে পড়েন। মঞ্চে দাঁড়িয়ে সবাইকে ধন্যবাদ জানিয়ে সে কথাই ব্যক্ত করলেন অভিনেতা। সেরা অরিজিনাল স্কোরের (মিউজিক) জন্যও অস্কার পেল জোকার।

‘জুডি’ ছবির জন্য সেরা অভিনেত্রী হলেন রেনে জেলওয়েগার। এই নিয়ে দ্বিতীয়বার অস্কার উঠল তার হাতে। সেরা অভিনেত্রীর দৌড়ে ছিলেন স্কারলেট জোহানসন, শার্লিজ থেরন, সার্সা রোনান ও সিনথিয়া এরিভো।

অস্কারের মঞ্চে সেরা পার্শ্ব-অভিনেতার জন্য        অস্কার জিতে বিশেষভাবে নজর কাড়লেন ব্র্যাড পিট। অভিনয়ের জন্য এবারই প্রথম অস্কার উঠে এই অভিনেতার হাতে।

ওবামা দম্পতির প্রথম তথ্যচিত্র

সাবেক মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামা ও ফার্স্ট লেডি মিশেল ওবামার নতুন প্রযোজনা সংস্থার তৈরি চলচ্চিত্র সেরা তথ্যচিত্রের জন্য অস্কার জিতেছে। এক যুগ আগে অর্থনৈতিক মন্দার মধ্যে ওহাইও রাজ্যে গাড়ি নির্মাণ শ্রমিকদের জীবনকে উপজীব্য করে নির্মিত ‘আমেরিকান ফ্যাক্টরি’ নামে তথ্যচিত্রটি ওবামা দম্পতির কোম্পানি থেকে মুক্তি পাওয়া প্রথম ছবি। ইন্টারনেটে চলচ্চিত্র প্রদর্শন সেবাদাতা নেটফ্লিক্সের সহযোগিতায় ২০১৮ সালে ‘হায়ার গ্রাউন্ড প্রডাকশন্স’ নামের কোম্পানিটি গঠন করেন ওবামা দম্পতি। জুলিয়া রিকহার্ট ও স্টিভেন বগনারের পরিচালনায় তাদের প্রযোজনা সংস্থার প্রথম ছবিটিকে গতকাল একাডেমি অ্যাওয়ার্ডসের ৯২তম আসরে তথ্যচিত্র ক্যাটাগরিতে বিজয়ী ঘোষণা করা হয়।

এক নজরে অস্কার

সেরা ছবি :প্যারাসাইট

সেরা পরিচালক:বং জুন হো (প্যারাসাইট)

সেরা অভিনেতা:হোয়াকিন ফিনিক্স (জোকার)

সেরা অভিনেত্রী:রেনে জেলওয়েগার (জুডি)

সেরা সহ-অভিনেতা:ব্র্যাড পিট (ওয়ানস আপন আ টাইম ইন হলিউড)

সেরা সহ-অভিনেত্রী:লরা ডার্ন (ম্যারেজ স্টোরি)

সেরা আন্তর্জাতিক ফিচার ফিল্ম :প্যারাসাইট

সেরা সিনেম্যাটোগ্রাফি:রজার ডেকিন্স (১৯১৭)

সেরা এডিটিং:মাইকেল ম্যাককাস্কার এবং অ্যান্ড্রু বাকল্যান্ড (ফোর্ড ভার্সেস ফেরারি)

সেরা অরিজিনাল সং:এলটন জন ও বার্নি তপিন (লাভ মি এগেইন)

সেরা মিউজিক (অরিজিনাল স্কোর) :হিদুর গুয়ানদত্তির (জোকার)

সেরা সাউন্ড মিক্সিং:মার্ক টেলার ও স্টুয়ার্ট উইলসন (১৯১৭)

সেরা সাউন্ড এডিটিং:ডোনাল্ড সিলভেস্টার (ফোর্ড ভার্সেস ফেরারি )

সেরা ডকুমেন্টারি ফিচার:আমেরিকান ফ্যাক্টরি

সেরা ডকুমেন্টারি শর্ট:লার্নিং টু স্কেটবোর্ড ইন আ ওয়ারজোন

সেরা প্রোডাকশন ডিজাইন:ওয়ানস আপন আ টাইম ইন হলিউড

সেরা কস্টিউম ডিজাইন:জ্যাকলিন ডুরান (লিটল উইমেন)

সেরা অরিজিনাল স্ক্রিনপ্লে:প্যারাসাইট