আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, দেশের জনগণের প্রতি আস্থা নেই বলেই বিএনপি বিদেশিদের প্রতি নির্ভর হয়ে পড়ছে। গতকাল সোমবার সচিবালয়ে সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের সভাকক্ষে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি আরো বলেন, বিশ্বকাপ জয়ে অনূর্ধ্ব-১৯ যুব ক্রিকেট দলকে রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে সরকারের পক্ষ থেকে সংবর্ধনা দেওয়া হবে।
মন্ত্রিপরিষদ বৈঠকে প্রধানমন্ত্রীর কথার রেশ ধরে ওবায়দুল কাদের বলেন, ভারত পরপর চার বার চ্যাম্পিয়ন, তাদের হারানো বেশ কঠিন ছিল। যখনই কেউ জিতে এসেছেন তখনই সংবর্ধনা দেওয়া হয়েছে। গণসংবর্ধনা ওদেরও দেওয়া হবে বলে জানিয়েছেন সরকারপ্রধান। ওবায়দুল কাদের বলেন, ঐতিহাসিক বিজয়ে আমাদের তরুণ টাইগারদের আন্তরিক অভিনন্দন জানাই। তাদের দুর্দান্ত পারফরমেন্সে ভারতের মতো বিশাল শক্তিকে পরাজিত করে বাংলাদেশ প্রথমবারের মতো বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছে। গতকালের মন্ত্রিসভার বৈঠকে সিদ্ধান্ত হয়েছে যে, এ বিজয় আমরা উদ্যাপন করব। তিনি বলেন, বিজয়ী বীরদের গণসংবর্ধনা দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। আমরা আশা করছি তারা ফিরে এলে সুবিধামতো সময়ে সোহরাওয়ার্দী উদ্যানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হবে। কারণ আমরা স্বাধীনতার পর এবারই বিশ্ব চ্যাম্পিয়ন হয়েছি।
এ জয়ের পথ ধরেই একদিন বাংলাদেশ বিশ্বকাপও জিতবে এমন প্রত্যাশা করে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী বলেন, এ দুর্দান্ত পারফরমেন্স আমাদের প্রত্যাশা বাড়িয়ে দিয়েছে।
বিএনপি রাজনৈতিকভাবে দেউলিয়া হয়ে পড়েছে জানিয়ে ওবায়দুল কাদের বলেন, বিএনপির অবস্থা দেউলিয়াপনার অবস্থায় নিপতিত হয়েছে। নালিশ-ই তাদের একমাত্র পুঁজি। তাদের কোনো অভিযোগ থাকলে সেই অভিযোগ বা নালিশ তারা করতে পারে জনগণের কাছে। বিচারক হতে পারে জনগণ। তিনি বলেন, বিএনপি জনগণের কাছে নালিশ না করে বিদেশিদের কাছে নালিশ করে তারা প্রমাণ করেছে দেশের জনগণ ও ভোটারদের প্রতি তাদের কোনো আস্থা নেই।
ক্রিকেটারদের সংবর্ধনা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকে আমন্ত্রণ জানানো হবে কিনা এর জবাবে তিনি বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীর ক্ষণগণনা অনুষ্ঠানে সব রাজনৈতিক দলকেই আমন্ত্রণ জানানো হয়েছিল। আমাদের আমন্ত্রণে সাড়া দিয়ে ড. কামাল হোসেন, বঙ্গবীর কাদের সিদ্দিকী, এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী উপস্থিত থাকলেও বিএনপির কেউ আসেনি।
