পাঁচ বছরের বেশি সময় ধরে আটক হাজতিদের তথ্য চেয়ে আইজি প্রিজন্সকে চিঠি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৯

মুজিববর্ষকে সামনে রেখে আইনি সেবা দিতে পাঁচ বছরের ঊর্ধ্বে কারাগারে থাকা অসচ্ছল হাজতিদের তথ্য চেয়ে আইজি প্রিজন্সকে চিঠি দিয়েছে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি। গতকাল সোমবার এ চিঠি পাঠানো হয়। চিঠিতে বলা হয়েছে, মুজিবর্ষ উপলক্ষ্যে সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড কমিটি বিভিন্ন কার্যক্রম গ্রহণ করেছে। এর মধ্যে যে সকল হাজতিদের মামলা নিম্ন আদালতে বিচারের জন্য নানা কারণে দীর্ঘ সময় ধরে অনিষ্পন্ন অবস্থায় আছে সে সকল মামলা ও হাজতিদের তথ্য সম্পর্কেও অবগত হওয়া দরকার। যাতে তাদের প্রয়োজনীয় সরকারি আইনি সেবা প্রদান করা সম্ভব হয়।

চিঠিতে আরো বলা হয়, মুজিববর্ষকে সামনে রেখে সরকারি আইনি সেবা আরো সুনিশ্চিত করার লক্ষ্যে যারা দীর্ঘসময় ধরে কারাগারে হাজতি হিসেবে আটক রয়েছেন তাদের একটি পূর্ণাঙ্গ ও হালনাগাদ তালিকা প্রয়োজন। দেশের প্রত্যেক কারাগারে নিম্ন আদালতে মামলার কার্যক্রম চলমান থাকায় আটক অসচ্ছল বন্দি যারা লিগ্যাল এইডের সহায়তা পেতে আগ্রহী তাদের একটি তালিকা সুপ্রিম কোর্ট লিগ্যাল এইড অফিসকে অবহিত করলে আইনি সহায়তা দেওয়া সম্ভব হবে।