উত্তরা রোটারী স্কুলে ছিন্নমূল শিশু-কিশোরদের কর্মশালা অনুষ্ঠিত

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৩৯

রাজধানীর উত্তরা ৪ নম্বর সেক্টর রোটারী স্কুলের ছিন্নমূল শিশু-কিশোরদের সচেতনতায় জীবনমুখী একটি কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকালে ঘণ্টাব্যাপী দুটি সেশনে এই কর্মশালায় রোটারী স্কুলের ৪৫ জন ছিন্নমূল শিশু-কিশোর শিক্ষার্থী অংশগ্রহণ করে। কর্মশালা পরিচালনা করেন হাই-ফাইভের পরিচালক (পরিকল্পনা) রোকশানা সাজ্জাদ। এ সময় হাই-ফাইভ পরিচালনাপর্ষদের নির্বাহী পরিচালক আয়েশা সিদ্দিকা, পরিচালক (অর্থ) এ্যানি রিয়াজ, পরিচালক (অপারেশন্স) নাজনীন শাওন, পরিচালক (জনসংযোগ) শেখ মো. আরীফ, রোটারী ক্লাব উত্তরার প্রেসিডেন্ট শফিকুল ইসলাম, সেক্রেটারি রোটারিয়ান সোয়েব, আইপিপি প্রেসিডেন্ট-ক্যাপ্টেন মতিন, নেক্সট প্রেসিডেন্ট ও সংবাদ সংস্থা এপির ব্যুরো প্রধান জুলহাস আলম, সদস্য অর্পিতা রায়, সালমা ও কালিমুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

উল্লেখ্য, হাই-ফাইভ সমাজে পিছিয়ে পড়া নারী ও শিশু-কিশোরদের সার্বিক উন্নয়ন ও সুস্থ বিকাশের লক্ষ্যে কাজ করে থাকে। সামাজিক সচেতনতার মাধ্যমে একটি সুখী, সুন্দর ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয়ে হাই-ফাইভ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে (মুজিববর্ষে) স্কুল, কলেজ ও মাদ্রাসাসহ দেশের ১০০টি শিক্ষাপ্রতিষ্ঠানে কর্মশালা আয়োজনের কর্মসূচি গ্রহণ করেছে।