উপ-নির্বাচনে অংশগ্রহণ: সিদ্ধান্তে পৌঁছাতে পারেনি বিএনপির স্থায়ী কমিটি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ০০:৪৫

চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনসহ তিনটি সংসদীয় আসনে উপ-নির্বাচনে অংশগ্রহণ নিয়ে বিএনপির সর্বোচ্চ নীতিনির্ধারণী ফোরাম জাতীয় স্থায়ী কমিটির বৈঠকে কোনো সিদ্ধান্তে আসেনি। গতকাল রাতে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, গণমাধ্যমে আজ কোনো বক্তব্য দেবেন না তিনি। যে বিষয়বস্তু নিয়ে আলোচনা চলছে তা এখনো চলমান।

বৈঠক সূত্রে জানা গেছে, কয়েকটি উপ-নির্বাচনে বিএনপি অংশ নেওয়া ,না নেওয়া এবং খালেদা জিয়ার জামিন নিয়ে রিভিউ আপিল করার সিদ্ধান্ত নিয়ে আলোচনা হয়েছে। দলটির নির্ভরযোগ্য একটি সূত্র জানিয়েছেন, রিভিউ আপিলে ড. কামাল হোসেন থাকবেন কিনা এ বিষয়ে আলোচনার পাশাপাশি উপ-নির্বাচনে যাওয়া না যাওয়ার ব্যাপারে পক্ষে-বিপক্ষে আলোচনা আসায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া সম্ভব হয়নি। রাত পৌঁনে ৮টায় গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৈঠক শুরু হয়। স্কাইপের মাধ্যমে বৈঠকে সভাপতিত্ব করেন লন্ডনে অবস্থানরত বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, নজরুল ইসলাম খান, মির্জা আব্বাস, আমীর খসরু মাহমুদ চৌধুরী, গয়েশ্বর চন্দ্র রায় ও ইকবাল হাসান মাহমুদ টুকু। সেলিমা রহমান দেশের বাইরে থাকায় বৈঠকে আসেননি।

গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে

হঠাত্ অসুস্থ হয়ে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও সাবেক মন্ত্রী বাবু গয়েশ্বর চন্দ্র রায় হাসপাতালে ভর্তি হয়েছেন। গতকাল সোমবার রাত ৯ টার দিকে রাজধানীর ধানমন্ডির আনোয়ার খান মেডিক্যাল হাসপাতালে তাকে ভর্তি করা হয়।