সৈনিক পদে নিয়োগ দেবে বাংলাদেশ সেনাবাহিনী

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ১৯:২৫

আরিফুর রহমান

সম্প্রতি জনবল নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশ করেছে বাংলাদেশ সেনাবাহিনী। বিজ্ঞপ্তি অনুযায়ী সৈনিক (ট্রেড-২) ক্যাটাগরিতে কুক (মেস), কুক (ইউনিট), কুক (হাসপাতাল), ইকুইপমেন্ট অ্যান্ড বুট রিপেয়ারার (ইঅ্যান্ডবিআর), ব্যান্ডসম্যান (বাদক), ব্রাসব্যান্ড, কার্পেন্টার, পেইন্টার ডেকোরেটর (পিডি), পেইন্টার ও টেইলার- পদে নিয়োগ প্রদান করা হবে। ইতোমধ্যে শুরু হয়েছে আবেদন প্রক্রিয়া, চলবে আগামী ১৫ ফেব্রুয়ারি, ২০২০ খ্রি. পর্যন্ত।

আবেদনের যোগ্যতা

এসএসসি পরীক্ষায় ন্যূনতম জিপিএ ২.৫০ থাকতে হবে। তবে পিডি এবং পেইন্টার পেশার ক্ষেত্রে বিজ্ঞান বিভাগ থেকে উত্তীর্ণ হতে হবে। তবে পেশাগত যোগ্যতার বর্ণনা রয়েছে বিজ্ঞপ্তিতে। কুক পদে আবেদনের জন্য প্রার্থীদের রান্নায় পারদর্শী হতে হবে। ইঅ্যান্ডবিআর পদে আবেদনের জন্য প্রার্থীদের বুট মেরামত ও সেলাইয়ে পারদর্শী হতে হবে, টেইলার পদে আগ্রহীদের প্রয়োজন হবে সেলাইয়ের ওপর ন্যূনতম ৩ মাসের প্রশিক্ষণ। বিশেষ করে শার্ট ও প্যান্ট সেলাইয়ে পারদর্শী হতে হবে। কার্পেন্টার পদের জন্য প্রার্থীদের কাঠমিস্ত্রি কাজে পারদর্শী হতে হবে। পিডি/পেইন্টার পদের জন্য প্রার্থীদের পেইন্টিং কাজের ওপর পারদর্শী হতে হবে এবং ব্যান্ডসম্যান (বাদক), ব্রাসব্যান্ড পদে আবেদনের জন্য বিভিন্ন বাদ্যযন্ত্রে (ড্রাম, বিবি ক্ল্যারিনেট, ইবি ক্ল্যারিনেট, বিবি ট্রামপেট ইত্যাদি) পারদর্শী হতে হবে। তবে প্রত্যেক প্রার্থীকে অবশ্যই অবিবাহিত হতে হবে।

বয়সসীমা

উল্লিখিত পদে আবেদনকারীদের বয়সসীমা হতে হবে ২৪ জানুয়ারি ২০২১ তারিখে ১৭ থেকে ২০ বছর।

শারীরিক যোগ্যতা

পুরুষ প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬৮ মিটার (৫ ফুট ৬ ইঞ্চি), ওজন ৪৯.৯০ কেজি (১১০ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৮১ মিটার (৩২ ইঞ্চি) থাকতে হবে। মহিলা প্রার্থীদের ক্ষেত্রে উচ্চতা ১.৬০ মিটার (৫ ফুট ৩ ইঞ্চি), ওজন ৪৭ কেজি (১০৪ পাউন্ড), বুকের মাপ স্বাভাবিক অবস্থায় ০.৭১ মিটার (২৮ ইঞ্চি), প্রসারণ অবস্থায় ০.৭৬ মিটার (৩০ ইঞ্চি) থাকতে হবে।

আবেদন প্রক্রিয়া

প্রার্থীকে টেলিটক সিমের মাধ্যমে ২টি আলাদা আলাদা এসএমএস পাঠিয়ে আবেদন করতে হবে (এসএমএস পাঠানোর নিয়ম ও বিস্তারিত জানতে বিজ্ঞপ্তি দেখুন)।

দ্বিতীয় এসএমএস পাঠানোর পর প্রার্থীকে একটি ইউজার আইডি ও পাসওয়ার্ড দেওয়া হবে। এই ইউজার আইডি ও পাসওয়ার্ড দিয়ে প্রার্থীকে http://sainik.teletalk.com.bd ওয়েবসাইটে লগইন করে অনলাইনে আবেদন ফরম পূরণ করতে হবে। আবেদন ফি ২০০ টাকা।

নির্বাচন পদ্ধতি

লিখিত পরীক্ষা (বাংলা, ইংরেজি, গণিত, সাধারণ জ্ঞান ও বুদ্ধিমত্তা), স্বাস্থ্য পরীক্ষা ও সাক্ষাত্কারের মাধ্যমে প্রার্থীদের চূড়ান্তভাবে নির্বাচন করা হবে।