‘পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০১৮, ২২:০৩

টানা দুটি হোম সিরিজ খেললো বাংলাদেশ। জিম্বাবুয়ে ও ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে দুই সিরিজে শতভাগ জয় আসেনি। তবে সিংহভাগ ম্যাচই জিতেছে বাংলাদেশ। জিম্বাবুয়ের বিপক্ষে টেস্টে ১-১, ওয়ানডেতে ৩-০ তে সিরিজ জিতেছিল স্বাগতিকরা। উইন্ডিজদের বিরুদ্ধে টেস্টে ২-০, ওয়ানডেতে ২-১ এ সিরিজ জিতলেও টি-টোয়েন্টিতে ২-১ এ হেরে গেছে টাইগাররা। গত শনিবার শেষ টি-টোয়েন্টিতে বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে সিরিজ জিতে নেয় ক্যারিবিয়ানরা। তবে সার্বিকভাবে দুই সিরিজে জাতীয় দলের পারফরম্যান্সে সন্তুষ্ট নির্বাচকরা। গতকাল প্রধান নির্বাচক মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, তিন বিভাগেই একটা ভারসাম্য এসেছে দলের মাঝে। হোমে এমন পারফরম্যান্সের পর আসন্ন নিউজিল্যান্ড সফরেও ভালো কিছু আশা করছেন তিনি।

গতকাল মিরপুর স্টেডিয়ামে সিরিজ পরবর্তী মিটিংয়ে হেড কোচ স্টিভ রোডসের সঙ্গে সময় কাটিয়েছেন প্রধান নির্বাচক। নিউজিল্যান্ড সিরিজের পরিকল্পনা নিয়ে প্রাথমিক আলাপও হয়েছে সেখানে। পরে টানা দুই হোম সিরিজের পারফরম্যান্স নিয়ে মিনহাজুল আবেদীন নান্নু গতকাল বলেছেন, ‘হোমে তো আমরা দুইটা সিরিজ খেললাম। অনেকদিন পর ব্যাক টু ব্যাক দুইটা সিরিজ খেললাম আমরা। সবকিছু মিলিয়ে পারফরম্যান্স অবশ্যই সন্তোষজনক। আমরা খুব সন্তুষ্ট যে, একটা ব্যালেন্স এসেছে, ব্যাটিং বোলিং ফিল্ডিং সব দিক থেকে। আগামীতে যেই সিরিজগুলো আছে সেখানে এখানের অভিজ্ঞতা কাজে লাগবে।’

দুই সিরিজেই পূর্ণাঙ্গভাবে পাওয়া যায়নি তামিম, সাকিবদের। তাদের জায়গায় কয়েকজন তরুণকেও সুযোগ দেয়া হয়েছিল। সেদিক থেকে কিছু প্রাপ্তি দেখছেন প্রধান নির্বাচক। গতকাল তিনি বলেছেন, ‘হ্যাঁ অবশ্যই, দুইটা ব্যাক টু ব্যাক সিরিজে আমরা অনেক কিছু পেয়েছি। অনেক তরুণ প্লেয়ারের ভালো পারফরম্যান্স পেয়েছি। অভিজ্ঞ প্লেয়ারদের মাঝখানে টেস্ট ক্রিকেটে একটু ফর্মের ঘাটতি ছিল, তারা ফর্ম ফিরে পেয়েছে। একটা ভারসাম্য কিন্তু তৈরি হয়েছে।’

দুই সিরিজে দলের সঙ্গে ছিলেন আরিফুল হক। কিন্তু বলার মতো পারফরম্যান্স নেই তার। গত শনিবারও শেষ টি-টোয়েন্টিতে দলের প্রয়োজনের মুহূর্তে শূন্য রানে আউট হয়েছেন তিনি। তিন টি-টোয়েন্টিতে করেছেন ১৭ রান। মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ভবিষ্যতের জন্য তৈরি রাখতেই দলের সঙ্গে আছেন আরিফুল। ম্যাচে সুযোগও কম পাচ্ছেন। সুযোগ পেলে আরও ভালো করবেন আরিফুল, এমনই আশা প্রধান নির্বাচকের।

জিম্বাবুয়ের বিরুদ্ধে ওয়ানডেতে দুই সেঞ্চুরি, এক হাফ সেঞ্চুরি করেছিলেন ইমরুল কায়েস। উইন্ডিজদের বিপক্ষে অবশ্য তার ব্যাট হাসেনি। তবে টপঅর্ডারে খেলার দৌড়ে ইমরুল এখনই হারিয়ে গেছেন বলে মনে করেন না প্রধান নির্বাচক।

গতকাল মিনহাজুল আবেদীন নান্নু বলেছেন, ‘এটা ঠিক বলা মুশকিল। কারণ ও (ইমরুল) অনেক অভিজ্ঞ প্লেয়ার। যে কোনো সময় কামব্যাক করতে পারে। টিমে কিন্তু কম্পিটিশন থাকা জরুরি।’

২০১৭ সালে নিউজিল্যান্ড সফরে কোনো ম্যাচ জিততে পারেনি বাংলাদেশ। আগামী ফেব্রুয়ারিতেই আবার নিউজিল্যান্ড যাবে টাইগাররা। এবার ভালো কিছুর আশা করছেন প্রধান নির্বাচক। তিনি বলেছেন, ‘সামনে আমাদের নিউজিল্যান্ড সিরিজ আছে। যেহেতু আমাদের আগেরবারের নিউজিল্যান্ড সিরিজে খারাপ অভিজ্ঞতা ছিল। আমি মনে করি এখন প্লেয়াররা অনেক পরিণত, অনেকদিন পর আমরা তিনটা টেস্ট ম্যাচ খেলতে যাব, এটাও একটা বড় চ্যালেঞ্জ। তিনটা টেস্ট ম্যাচ তো আমরা সবসময় খেলতে পাই না, এটা প্লেয়ারদের জন্য চ্যালেঞ্জের হবে। আমি আশাবাদী যে এই অভিজ্ঞতা কাজে লাগাতে পারব।’