জরিপকাজে প্রশাসনের
সহযোগিতা নিতে সম্মত
ইত্তেফাক রিপোর্ট
মাঠ পর্যায়ের কর আহরণ কার্যক্রমের সার্বিক কর্তৃত্ব নিজেদের হাতেই রাখতে চায় জাতীয় রাজস্ব বোর্ডের (এনবিআর) আয়কর বিভাগ। প্রশাসন বা অন্য কোনো ক্যাডারের হাতে এ কর্তৃত্ব দিতে চায় না সংস্থাটি। গতকাল এনবিআরের পূর্ব-নির্ধারিত বোর্ড সভায় ইস্যুটি উত্থাপন হলে এ বিষয়ে এনবিআর কর্মকর্তাদের কর্তৃত্বের পক্ষে যুক্তি তুলে ধরেন কর্মকর্তারা। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, সভায় কর আদায়ের কার্যক্রম বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী বাস্তবায়নের বিষয়ে প্রাথমিক সিদ্ধান্ত হয়েছে। তবে মাঠ পর্যায়ে করদাতা শনাক্তকরণের লক্ষ্যে জরিপ কার্যক্রমে স্থানীয় প্রশাসনের সহযোগিতা নেওয়া যেতে পারে। অবশ্য এনবিআর কী উপায়ে এ সহযোগিতা নিতে পারে কিংবা এ বিষয়ে সিদ্ধান্ত কী হবে—সেজন্য পরবর্তী সময়ে আরো সভা করা হবে বলে সিদ্ধান্ত হয়েছে।
সর্বশেষ ঢাকায় অনুষ্ঠিত জেলা প্রশাসক সম্মেলনে মাঠ পর্যায়ে কর আদায় কার্যক্রমে স্থানীয় প্রশাসন সহযোগিতা করতে আগ্রহের বিষয়টি উঠে আসে। ইস্যুটি নিয়ে তখনই এনবিআরের কর্মকর্তারা তাদের নেতিবাচক মনোভাবের কথা জানিয়েছিলেন। এনবিআরের ট্যাক্স ও শুল্ক বিভাগের কর্মকর্তাদের আলাদা দুইটি অ্যাসোসিয়েশন এ বিষয়ে আলাদা বিবৃতি দিয়ে প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের ঐ আগ্রহের বিষয়ে তীব্র প্রতিক্রিয়া জানিয়েছিলেন।
সূত্র জানায়, সম্প্রতি প্রশাসন বিভাগ থেকে অগ্রগতি জানতে চাওয়া হয় এনবিআরের কাছে। এর পরিপ্রেক্ষিতে গতকালের এনবিআরের বোর্ড সভায় ইস্যুটি উঠে আসে। এতে সভাপতিত্ব করেন এনবিআর চেয়ারম্যান আবু হেনা মো. রহমাতুল মুনিম।
সভায় উপস্থিত এনবিআরের এক ঊর্ধ্বতন কর্মকর্তা ইত্তেফাককে বলেন, জেলা প্রশাসক সম্মেলনে মাঠ পর্যায়ে কর আদায়ের বিষয়ে আমাদের (কর বিভাগকে) সহযোগিতার আগ্রহ প্রকাশ করা হয়েছে। যে কোনো সহযোগিতা আমরা নিতেই পারি। এ সহযোগিতা মাঠ পর্যায়ে জরিপ কার্যক্রমসহ অন্যান্য বিষয়ে নেওয়া যেতে পারে; কিন্তু কর আহরণ কার্যক্রম চলবে বিদ্যমান আয়কর অধ্যাদেশ অনুযায়ী। তবে এ বিষয়ে পরবর্তী সময়ে আরো বৈঠক হবে। এখনো কোনো চূড়ান্ত সিদ্ধান্ত আসেনি।
