মোস্তাফিজ মিঠু
ঈদ ছাড়া বিশেষ দিবসে সাধারণত সিনেমা মুক্তির উত্সবের কালচারটা ঢালিউডে নেই অনেকদিন। এখন বিশেষ দিবসের সিনেমা মুক্তির সংখ্যা একটি থেকে দুটি। আবার কোনো দিবসে থাকে না কোনো সিনেমা। এরমধ্যে গত কয়েক বছরে একটি প্রবণতা প্রায় দেখা যায়, সেটি হচ্ছে ঘোষণার সঙ্গে মুক্তির মিল নেই। দেখা যায়, ঈদে প্রায় ৭-৮টি সিনেমা মুক্তির ঘোষণা পাওয়া যায় অনেকদিন আগে থেকে। সিনেমার পরিচালক থেকে শুরু করে অভিনয়শিল্পীরাও বলে যান ‘ঈদে মুক্তি পাবে সিনেমাটি’। কিন্তু সময় ঘনিয়ে আসতেই এক এক করে উইকেট পড়তে থাকে সবার। শেষ পর্যন্ত মুক্তির সংখ্যা তলানিতে এসে ঠেকে। মুক্তি পায় ২-৩টি। সবার মূল শঙ্কার জায়গা ব্যবসা।
কারণ দেশের হলে বর্তমান যে অবস্থা সেখানে একসঙ্গে অনেকগুলো সিনেমা মুক্তি পেলে দুই একটি ছাড়া সবারই ব্যবসায়িক অবস্থা খুব একটা ভালো হওয়ার কথা থাকে না। তার ওপর শাকিব খানে সিনেমার সঙ্গে প্রতিযোগিতা করে ব্যবসা করার মতো জায়গা এখনো তৈরি করতে পারেননি সংশ্লিষ্টরা। তাই শাকিব খান বা বড় প্রোডাকশন ছাড়া বিশেষ দিবসে মুক্তির শঙ্কা থেকে বের হতে পারছেন না কেউ।
এমনটাই আবারো ঘটলো সম্প্রতি। এবার ভালোবাসা দিবসে ৩টি সিনেমা মুক্তির ঘোষণা আগে থেকেই ছিল। যদিও শাকিব খানে ‘বীর’ সিনেমাটি রোজার ঈদে মুক্তির কথা শোনা যায় প্রথমে। তবে সেটি এগিয়ে মুক্তি পাচ্ছে এবার ভালোবাসা দিবসে। এরসঙ্গে মুক্তির খবর পাওয়া যায় ‘জ্বিন’ ও ‘পরাণ’ সিনেমা দুটির। কিন্তু শেষ পর্যন্ত মুক্তির তালিকায় রয়ে গেছে মাত্র একটি সিনেমা। শাকিব খানের ‘বীর’ মুক্তি পাচ্ছে এবার ১৪ ফেব্রুয়ারি। ‘বীর’ সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর আবারো মুক্তি পেতে যাচ্ছে কাজী হায়াত্ পরিচালিত এই সিনেমাটি। যদিও এই সিনেমাটির প্রথম লুক প্রকাশের পর বিতর্ক ওঠে এটি তামিল সিনেমা ‘কেজিএফ’-এর নকল। তবে পরবর্তীতে এই বিতর্কের জবাব দেন পরিচালক নিজেই।
তিনি সিনেমাটি নকল না বলে চ্যালেঞ্জও ছুঁড়ে দেন। শাকিব খানের প্রযোজনা প্রতিষ্ঠান এসকে ফিল্মস প্রযোজিত তৃতীয় এ সিনেমায় শাকিবের সঙ্গে জুটি হিসেবে দেখা যাবে বুবলীকে। অভিনয়ের পাশাপাশি এখন প্রযোজনা নিয়েও নিয়মিত শাকিব। ইন্ডাস্ট্রির এই সময়ে প্রযোজক হিসেবেও সফলতার দিকেই এগুচ্ছেন ঢাকাই সিনেমার এই শীর্ষ তারকা।
অন্যদিকে ভালোবাসা দিবসের মুক্তি না দিলেও এরইমধ্যে নতুন মুক্তির তারিখও ঘোষণা দেওয়া হয়েছে ‘জ্বিন’ সিনেমাটির। আগামী ১৩ মার্চ মুক্তি পেতে যাচ্ছে ‘জ্বিন’। সম্প্রতি জাজ মাল্টিমিডিয়ার অফিশিয়াল চ্যানেলে প্রকাশিত হয়েছে এ ছবিটির টিজার।
এই সিনেমার মধ্য দিয়ে অনেকদিন পর বড়পর্দায় আসছেন জনপ্রিয় অভিনেতা আব্দুন নূর সজল। তার বিপরীতে রয়েছেন পূজা চেরি। এছাড়াও রয়েছে আরেকটি জুটি রোশান ও মুন। সিনেমাটি পরিচালনা করেছেন নাদের চৌধুরী।
‘জ্বিন’-এর মুক্তির তারিখ পাওয়া গেলেও ‘পরাণ’ সিনেমা আবার কবে মুক্তি পাবে তা জানা যায়নি। নির্মাতা রায়হান রাফি পরিচালিত ‘পরাণ’ চিত্রনাট্য করেছেন শাহজাহান সৌরভ ও রায়হান রাফি। ‘পোড়ামন ২’-এর পর পরাণ দিয়ে আবারো আসছেন রাফি। এটি রাফি পরিচালিত তৃতীয় ছবি। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন বিদ্যা সিনহা মীম, শরিফুল রাজ ও ইয়াশ রোহান। ভালোবাসা দিবসের সিনেমাটি মুক্তির কথা থাকলেও শেষ পর্যন্ত পাচ্ছে না। তবে কবে নাগাদ মুক্তি পাবে সেই ঘোষণা এখনো দেওয়া হয়নি।
