‘তুই যদি আমার হইতি রে বন্ধু, আমি হইতাম তোর’ মনির খানের গাওয়া এই গান এখনো দর্শক মনে গেঁথে আছে। তরুণ-তরুণীর মুখে আজো শোনা যায় একযুগ আগের সেই গান। এবার সেই গানকে নতুন আয়োজনে নিয়ে আসছেন সংগীতশিল্পী মার্লিন।
নতুন করে গানটির সংগীতায়োজন করেছেন আপেল মাহমুদ এমিল। গানটির ভিডিওতে মডেল হয়েছেন সংগীতশিল্পী নিজেই। তার সঙ্গে জুটি বেঁধেছেন বাপ্পা শান্তনু। মিউজিক ভিডিওটি নির্মাণ করেছেন শ্রাবণী ফেরদৌস। সম্প্রতি রাজধানীর অদূরে জিন্দা পার্কে গান ভিডিওর দৃশ্যায়ন সম্পন্ন হয়েছে।
নির্মাতা বলেন, ‘তুই যদি আমার হইতি রে’ সবার কাছে খুবই পরিচিত ও জনপ্রিয় একটি গান। এই গানটিকে কাভার করেছেন মার্লিন। সেই অনুযায়ী একটু ভিন্ন আয়োজনে কিছু করার চেষ্টা করেছি। এই কাজটা দর্শক মনে অন্যরকম একটা আবেদন রাখবে বলে আমি মনে করি। খুব যত্ন করে কাজটি করেছি। আশা করছি সবার ভালো লাগবে।’ আসছে ভালোবাসা দিবসে কণ্ঠশিল্পী মার্লিনের নিজস্ব ইউটিউব চ্যানেলে গানটি প্রকাশিত হবে বলে নির্মাতা সূত্রে জানা যায়।
