স্পোর্টস রিপোর্টার
অস্ট্রেলিয়ার বিপক্ষে সিরিজে এখন ১-১ সমতা। হাতে আছে আরো দুইটি ম্যাচ। তবে, ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের বিশ্বাস- ভারতই সিরিজটা জিততে যাচ্ছে। আর সেই জয় আসবে অধিনায়ক বিরাট কোহলির পারফরম্যান্সে ভর করে।
তিনি মনে করেন, কোহলি একাই অস্ট্রেলিয়াকে হারাতে পারেন। ভারতের একটি স্কুলের অনুষ্ঠানে যোগ দিয়ে তিনি বলেন, ‘কোহলি দুর্দান্ত এক খেলোয়াড়। সে একাই ম্যাচ জেতাতে পারে। তার নৈপুণ্যেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে ভারত।’
অ্যাডিলেডে জয় দিয়ে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ শুরু করে ভারত। তবে পার্থে সিরিজের দ্বিতীয় টেস্টে হেরে যায় টিম ইন্ডিয়া; কিন্তু ভারতের পারফরমেন্স মন জয় করেছে রির্চাডসের। পার্থে জিততে না পারলেও মেলবোর্নে ভারত ঘুড়ে দাঁড়াবে মনে করছেন তিনি। মেলবোর্নে আগামী ২৬ ডিসেম্বর বক্সিং ডে-তে শুরু হবে সিরিজের তৃতীয় টেস্ট। ৬৬ বছর বয়সী রিচার্ডস বলেন ‘পার্থে ব্যাটসম্যানদের ভুলে ভারত ম্যাচ হেরেছে। বোলাররা ভালো করেছে। আমার মনে হয়, মেলবোর্নে ঘুড়ে দাঁড়াবে ভারত। তবে সেটি সম্ভব হবে কোহলির কারণেই।’
কেন কোহলির প্রতি এতটা আস্থা? ব্যাখ্যা করলেন ভিভ রিচার্ডস। বললেন, ‘কোহলির মতো অধিনায়ক রয়েছে ভারতের। আবেগকে সাথে নিয়ে মাঠে নামে সে। দলকে জেতাতে অস্থির থাকে কোহলি। দলকে জেতাতে নিজের সেরাটা উজার করে দেয়। তাই কোহলির কারণেই অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ জিতবে ভারত। কোহলির পারফরমেন্স ভারতকে সিরিজ এনে দিবে।’ কোহলির প্রশংসা করলেও, এখনই সর্বকালের সেরাদের কাতারে তাকে রাখছেন না রিচার্ডস। এজন্য আরও সময় চান তিনি, ‘আধুনিক যুগে কোহলিই সেরা, আমার ফেভারিট খেলোয়াড়। তবে এখনই কোহলিকে সেরার কাতারে রাখা যাচ্ছে না। কারণ ক্যারিয়ার শেষে তার অবস্থা দেখতে হবে এবং বুঝতে হবে। তবে এখন যেভাবে এগোচ্ছে কোহলি, তাতে ভবিষ্যতে সেরাদের কাতারে ভারত অধিনায়কের নাম যে উঠবে এতে কোনো সন্দেহ নেই।’
বিশ্ব ক্রিকেটে দেশের মাটিতেই খেলোয়াড়রা ভাল পারফরমেন্স করে; কিন্তু এ ক্ষেত্রে একেবারেই ভিন্ন ভারত অধিনায়ক কোহলি। টেস্ট ফরম্যাটে দেশের মাটিতে ৩৪ ম্যাচের ৫৪ ইনিংসে ১১টি সেঞ্চুরি ও ১০টি হাফ-সেঞ্চুরিতে ৩১০৫ রান করেছেন কোহলি। আর বিদেশের মাটিতে ৪১ ম্যাচের ৭৪ ইনিংসে ১৪টি সেঞ্চুরি ও ৯টি হাফ-সেঞ্চুরিতে ৩৪০৩ রান রয়েছে তার। এমন পরিসংখ্যান জানা আছে রিচার্ডসেরও। এ ব্যাপারে রিচার্ডস বলেন, ‘কোহলির ক্রিকেট ক্যারিয়ারের পরিসংখ্যানই বলে দেয়, সে কোন মাপের খেলোয়াড়।’
