গাজীপুর জেলার কাপাসিয়া উপজেলায় খেয়াঘাট এলাকা দিয়ে সদর বাজারের ১০-১২টি মুরগির দোকানের যাবতীয় বর্জ্য ড্রেনের মাধ্যমে সরাসরি ফেলা হচ্ছে বানার নদীতে। বহুবার গণমাধ্যমে সংবাদ প্রকাশের পরও এ বিষয়ে টনক নড়েনি উপজেলা প্রশাসনের। বাজার কমিটিও সমপূর্ণ নির্বিকার। খেয়াঘাট এলাকায় ময়লা ফেলার কারণে পচা দুর্গন্ধে অতিষ্ঠ পথচারী। প্রতিদিন এই খেয়াঘাট দিয়ে হাজার হাজার মানুষ চলাচল করে। বর্জ্যের কারণে স্থানীয় মানুষ দুর্ভোগ পোহাচ্ছে। নদী দিয়ে চলাচল করার সময় পানিতে মুরগির পা ও পাখনা ভেসে থাকতে দেখা যায়। নিয়মিত ড্রেন পরিষ্কার না করায় ড্রেনে ময়লা আটকে দুর্গন্ধ ছড়ায়। কর্তৃপক্ষীয় উদাসীনতায় দূষিত হচ্ছে নদীর পানি। জনদুর্ভোগ লাঘবে ও পরিবেশদূষণ নিয়ন্ত্রণে বিষয়টির প্রতি আবারো সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।
শামীম শিকদার
ভাকোয়াদী, কাপাসিয়া, গাজীপুর
