রূপনগরের ২৭ নম্বর রোড থেকে হকার উচ্ছেদ করুন

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩০

আমি বসবাস করি ঢাকার রূপনগর আবাসিক এলাকার ২৭ নম্বর সড়কে। ফ্ল্যাট থেকে বের হয়েই দেখি এখানকার ২৭, ২৬ ও ২৮ নম্বর সড়ক দখল করে হকাররা রাস্তায় ও ভ্যানগাড়িতে বসিয়েছে বাজার। রাস্তা দখল করে মুরগি জবাই করে করা হয়, মাছ কাটা হয়। ফলে রক্তসহ বিভিন্ন ময়লা দুর্গন্ধের সৃষ্টি করছে। মুরগী এবং মাছ কাটাকাটি করার সময়ে পথচারীদের জামা-কাপড় পর্যন্তনষ্ট করে দিচ্ছে। এসবের প্রতিবাদ করার সাহস কারোই নেই! বিশেষ করে, ঢাকার রূপনগর, পল্ল­বী, মিরপুর এলাকায় রাস্তাসহ ফুটপাত দখলের প্রবণতা নাগরিকদের পায়ে হেঁটে চলাচলের অধিকার ক্ষুণ্ন্ন করছে। আবর্জনা স্তূপের ময়লা ছড়াছড়ি তো আছেই। আরো আছে রাস্তা দখল করে নির্মাণসামগ্রী যেমন বালু, ইটের গুঁড়ো, ইট, রড, সিমেন্ট, বাঁশ ইত্যাদি রাখা। যদি তা রাখতেই হয় তাহলে নির্দেশ দেওয়া হোক, ‘নির্মাণসামগ্রী নিজ নিজ এলাকার মধ্যে রাখুন’।  রাস্তা দখল করে বালু রাখা মানেই বায়ুদূষণের মাত্রা আরো বাড়িয়ে দেওয়া। মশা, যানজট, খাল দখলের কথা নাই বা বললাম। অবশেষে ঢাকার উত্তরের মেয়রের কাছে আমার শেষ নিবেদন—রূপনগর আবাসিক এলাকার ২৭, ২৬ ও ২৮ নম্বর সড়ক থেকে হকারদের অন্যত্র স্থানান্তর করে নাগরিকদের পায়ে হেঁটে চলাচলের অধিকারটুকু বহাল করুন।

লিয়াকত হোসেন খোকন, রূপনগর, ঢাকা