বগুড়া জেলা শহরের সান্তাহারের গুরুত্বপূর্ণ সড়কগুলোতে পথচারী চলাচলের জন্য কোনো ফুটপাত নেই। এসব রাস্তা ঘেঁষে রয়েছে দোকানপাট। এছাড়া রাস্তার ওপর রাখা হয় মালামাল, দোকানের পসরা। ফলে পথচারীদের পৌরশহরের অতিব্যস্ত সড়কেই পায়ে হেঁটে চলতে হয়। এতে দুর্ঘটনার ঝুঁকিসহ নানা রকম সমস্যা নিত্য সঙ্গী হয়ে দাঁড়িয়েছে। সরকারি খাদ্য মজুদাগার, রেলজংশন, শিল্প-কলকারখানা, শিক্ষাপ্রতিষ্ঠান, ব্যাবসা-বাণিজ্য নানা কারণে সান্তাহার কর্মব্যস্ত জায়গা। প্রতিদিন এখানে হাজার হাজার মানুষ বিভিন্ন কাজে আসেন। সড়কের পাশে ফুটপাত না থাকায় পথচারীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হয়। এখানকার মেইন রোড, স্টেশন রোড, নওগাঁ রোড, পৌর রোড, ইয়ার্ড কলোনি রোড ছাড়াও স্টেশন হয়ে বিদ্যুত্ উত্পাদন কেন্দ্র রোড, বিপি স্কুল হয়ে ২০ শয্যার হাসপাতাল রোড যানবাহন চলাচলে ব্যস্ত থাকে সব সময়। এসব সড়কে পথচারীদের নিরাপদ পথচলা নিশ্চিত করতে এখনই ফুটপাত নির্মাণ করা প্রযোজন। এ ব্যাপারে সংশ্লিষ্ট ঊর্ধ্বতন কর্মকর্তার দৃষ্টি আর্কষণ করছি।
সাকলাইন লেনিন, আদমদীঘি, বগুড়া
