সেটেলমেন্ট জরিপের বর্তমান পদ্ধতির সংস্কার জরুরি

আপডেট : ১১ ফেব্রুয়ারি ২০২০, ২১:৩২

ভূমি ব্যবস্থাপনায় দুর্নীতি, জটিলতা, মামলাজট দূর করতে হলে ভূমি জরিপকে ত্রুটিমুক্ত করে আধুনিক তথ্যপ্রযুক্তির ব্যবহারে নির্ভুল ও নির্ভরযোগ্য একটি পদ্ধতি চালু করা অপরিহার্য। এ সমস্যার দ্রুত কার্যকর সমাধান সম্ভব না হলে আদালতের মামলাজট কমানো একেবারে অসম্ভব। এসএ জরিপের পর সৃষ্ট মামলাজট দীর্ঘ কয়েক যুগ ধরে চলছে। দেওয়ানি ও ফৌজদারি মামলা ৩৩ লাখের ওপরে রয়েছে, এর মধ্যে জায়গা-জমিসংক্রান্ত মামলা ৮০ শতাংশের ওপরে। সিএস জরিপ নির্ভুল হলে এসএ ও আরএস জরিপে সীমাহীন ত্রুটি-বিচ্যুতি, অনিয়ম-দুর্নীতি কমবে। ভূমি ব্যবস্থাপনার দুর্বলতা দূর করা সম্ভব না হলে দেশকে দারিদ্র্যমুক্ত করা দুরূহ হবে। সিএস রেকর্ডের সময় যাঁরা মাঠ পর্যায় কাজ করছেন তাঁরা কোনো সময় জ্ঞানত কোনো ভুল রেকর্ড তৈরি করেননি। যদিও কোনো কারণে কোনো ব্যক্তির পছন্দমতো রেকর্ড করে দিয়েছেন, কিন্তু রেকর্ড জমা দেওয়ার সময় সে ভুল রেকর্ড ফেলে দিয়ে শুদ্ধ রেকর্ড ভরে জমা দিয়েছেন। অভিজ্ঞ ব্যক্তিদের অভাব অত্যন্ত প্রকট। সততার অভাব এমন পর্যায় পৌঁছেছে যে লোকমুখে এখন শোনা যায়—যেখানে যায় জরিপ সেখানে প্রজা হয় গরিব। এ অবস্থায় সনাতন পদ্ধতিতে সেটেলমেন্ট জরিপ চলতে পারে না। সুতরাং  সর্বমহলে বিশ্বাসযোগ্য গ্রহণযোগ্য নির্ভুল সেটেলমেন্ট রেকর্ড প্রণয়নের জন্য বিকল্প পদ্ধতি বের করতে হবে। এ ব্যাপারে প্রকৌশল বিশ্ববিদ্যালয় থেকে স্থাপত্য বিভাগের শেষ বর্ষের ছাত্রদের মাঠ পর্যায়ে ব্যবহারিক ক্লাসের ব্যবস্থা করে তাদের দিয়ে জরিপের কাজ করানোর বিষয়টি সরকারের নীতি নির্ধারকগণ বিবেচনায় নিতে পারেন। যারা নির্ভুল রেকর্ড তৈরি করতে পারবে তাদের পুরস্কৃত করার ব্যবস্থা থাকতে হবে।

আব্বাস উদ্দিন আহমদ

ধোপাদিঘির দক্ষিণপাড়, সিলেট ৩১০০