স্পোর্টস ডেস্ক
সর্বশেষ ২০০৭ সালে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে হোয়াইটওয়াশ হয়েছিল ভারত। সে বছর ওয়ানডে বিশ্বকাপেও খুব বাজেভাবে ব্যর্থ হয় দলটি। ঠিক তখন থেকেই আস্তে আস্তে পালটে যেতে থাকে ভারতীয় দল। সিনিয়রদের সরিয়ে দেওয়া হয়। অধিনায়ক করা হয় মহেন্দ্র সিং ধোনিকে।
ধোনি ভারততে আইসিসির তিনটি বড়ো ইভেন্টের শিরোপাই এনে দেন। দেশে ও দেশের মাটিতে মোটামুটি অজেয় এক দলে পরিণত করেন। ধোনির পর বিরাট কোহলি এসে সেই ধারাবাহিকতাটাই রক্ষা করে চলছিলেন, ভারতীয় ক্রিকেট দল হয়ে উঠছিল আরো বিশাল এক মহীরূহ।
ঠিক এমনই এক সময় ভয়াবহ এক বিপর্যয়ের মধ্যে পড়ল বিরাট কোহলিরা। নিউজিল্যান্ডের মাটিতে গতকাল তারা তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশ হয়ে গেল। ১৩ বছর পর হোয়াইটওয়াশের লজ্জার মুখোমুখি হতে হলো তাদের। অথচ, ক’দিন আগে এই নিউজিল্যান্ডকেই টি-টোয়েন্টি ফরম্যাটে পাঁচ ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ করেছিল ভারত। এবার সেই লজ্জাটাই নিজেদের মাটিতে ভারতকে ফিরিয়ে দিল নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে গতকাল মঙ্গলবার সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ৫ উইকেটে জিতেছে ব্ল্যাক ক্যাপরা। নির্ধারিত ৫০ ওভারে সাত উইকেট হারিয়ে ভারত করে ২৯৬ রান। ১৭ বল হাতে রেখে ২৯৭ রানের লক্ষ্যে পৌঁছে যায় কেন উইলিয়ামসনের দল। জিতে যায় পাঁচ উইকেটের বড়ো ব্যবধানে।
লোকেশ রাহুল যথারীতি দারুণ ছন্দে আছেন। এদিন তিনি করেন দারুণ এক সেঞ্চুরি। ১১৩ বলে করেন ১১২ রান। ইনিংস ছিল ৯টি চার ও দুইটি ছক্কা। শ্রেয়াস আইয়ারের ব্যাট থেকে আসে ৬২ রান। এর বাদে ওপেনার পৃথ্বীশ ৪০ ও মানিশ পান্ডে করেন ৪২ রান। নিউজিল্যান্ডের হয়ে সর্বোচ্চ চার উইকেট নেন ডান হাতি পেসার হামিশ বেনেট।
ভারতের বড়ো স্কোর তাড়া করতে নেমে নিউজিল্যান্ডের মোট সাত ব্যাটসম্যান। সবাই দুই অঙ্কের ঘরে পৌঁছান। এর মধ্যে কেউ সেঞ্চুরি না পেলেও হাফ সেঞ্চুরি পেয়েছেন তিন জন। সর্বোচ্চ ৮০ রান করেন ওপেনার হেনরি নিকোলস। তার হাতেই উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। আরেক ওপেনার মার্টিন গাপটিলের ব্যাট থেকে আসে ৬৬ রান। শেষের দিকে কলিন ডি গ্র্যান্ডহোম ৫৮ ও উইকেটরক্ষক ব্যাটসম্যান টম ল্যাথাম ৩২ রানে অপরাজিত থেকে দলকে জয়ের বন্দরে পৌঁছান। ভারতের হয়ে অফস্পিনার যুজবেন্দ্র সিং চাহাল নেন তিনটি উইকেট।
তিন ম্যাচে ১৯৪ রান করা অভিজ্ঞ ব্যাটসম্যান রস টেলরের হাতে উঠেছে ম্যাচ সেরার পুরস্কার। ওয়ানডে সিরিজ শেষে এখন আগামী ২১ ফেব্রুয়ারি থেকে দুই ম্যাচের টেস্ট সিরিজে মুখোমুখি হবে দুইদল।
